এ কেমন নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ব্যক্তির পায়ে দড়ি বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। তাদের মার থেকে বাঁচতে হাতজোড় করছেন ওই ব্যক্তি। কিন্তু কে শোনে কার কথা। কেউ লাঠি দিয়ে মারছেন, কেউ বা মারছেন লাথি। আর চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ নির্মম চিত্র দেখছেন কিছু মানুষ। এ সময় কয়েকজন মুঠোফোনে এ চিত্র ধারণ করেন।

মার খাওয়া ওই ব্যক্তির নাম খোকন মিয়া। তাঁর বিরুদ্ধে অভিযোগ চুরি ও ছিনতাইয়ের। চলতি মাসের ১ তারিখ চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। খোকন মিয়ার বাড়ি হাজীগঞ্জের টোরাগড় এলাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির সাবেক নেতা গিলা বাসার, তাঁর ভাই মনির হোসেন, রহমত উল্ল্যাহসহ স্থানীয় কয়েকজন চুরি ও ছিনতাইয়ের অভিযোগে আলীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে খোকন মিয়াকে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে। মারধর শেষে রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রাখা হয়। চোখের সামনে এমন নির্মম ঘটনাটি দেখে কেউ কেউ ছবি তুলেছেন, ভিডিও করেছেন। কিন্তু তাঁকে বাঁচাতে বা ঘটনাটি থামাতেও কেউ সাহস পাননি। এ খবর পেয়ে পুলিশ খোকনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাজীগঞ্জ হাসপাতালে চিকিৎসা করায়। যাঁরা পিটিয়েছেন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। খোকনের পক্ষেও কোনো আইনি ব্যবস্থা নেয়নি তারা।
এদিকে এলাকায় চুরির বিষয়ে মনির হোসেনের এক অভিযোগের ভিত্তিতে পুলিশ খোকনকে হাজতে পাঠায়। তবে পরে খোকন জামিন পেয়েছেন।
খোকনের মা খুরশিদা বেগম জানান, গত ২৭ আগস্ট সকাল থেকে স্ত্রী অযিফা খাতুনকে খুঁজে না পেয়ে খোকন হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পরই খোকনের ওপর নিযার্তন চালায় গিলা বাসার, মনির হোসেন, রহমত উল্ল্যাহসহ কয়েকজন লোক।
বেঁধে পেটানোর পরও গিলা বাসারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘আমি খোকনের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তাই গিলা বাসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি।’
খোকনকে হাজতে পাঠানোর ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, গিলা বাসারের ভাই মনির যে অভিযোগ করেছে, তাতে খোকন মিয়াকে জেলহাজতে পাঠানো হয়। বর্তমানে খোকন জামিনে রয়েছেন।

এদিকে খোকন মিয়া বলেন, ‘আমাকে মারধর করলো, জেলও খাটালো। আমি এই নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করছি।’ খোকন মিয়ার স্ত্রী অযিফা খাতুনকে এখনো খুঁজে পাওয়া যায়নি।