এ কেমন শ্বশুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় শ্বশুর ও দুই শ্যালকের পিটুনিতে জামাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মাহবুবুল আলম (২৭)।

পারিবারিক কলহের জের ধরে গত সোমবার শ্বশুর ও দুই শ্যালক মাহবুবকে বাঁশবাড়িয়া বাজারে পিটুনি দেয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
নিহত মাহবুবুল উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল গ্রামের খোসা উকিল বাড়ির আবুল মুনছুরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের বাসিন্দা মো. ইব্রাহিমের মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিল। দুজনে বিয়ে করেন। তাঁদের তিন বছরের একটি কন্যা শিশু আছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে দুজনের মধ্যে সম্পর্কের তিক্ততার সৃষ্টি হয়। একপর্যায়ে মাহবুব চট্টগ্রাম শহরে চলে যান। গত সোমবার বিকেল পাঁচটার দিকে বাঁশবাড়িয়া বাজারে মাহবুবকে দেখতে পেয়ে তাঁর শ্বশুর, দুই শ্যালক মিলে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। একপর্যায়ে মাহবুবের মাথায় আঘাত লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাতটায় মাহবুব মারা যায়।
এদিকে মাহবুবের লাশ বাঁশবাড়িয়ায় পৌঁছালে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ঘাতকের বাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। পরে স্থানীয় চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর ও পুলিশের হস্তক্ষেপে তাঁরা চলে যায়।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দারের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশের হস্তক্ষেপে ওই এলাকা থেকে সরে যায়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের শ্বশুর ইব্রাহিমের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই পরিবারের লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।