এ মাসে ২ মামলার অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

কুমিল্লা নগরের নানুয়া দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের এক মাস পেরিয়ে গেছে। কিন্তু মামলার তদন্ত জিজ্ঞাসাবাদ ও রিমান্ডেই আটকে আছে। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, দুটি মামলার অভিযোগপত্র চলতি মাসেই দেওয়া হবে।

পুলিশ সূত্র জানায়, এসব ঘটনায় হওয়া ১২টি মামলায় এ পর্যন্ত ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পবিত্র কোরআন অবমাননার মামলার প্রধান আসামি ইকবাল হোসেনসহ ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাগুলোর মধ্যে পাঁচটির সিআইডি, চারটির পিবিআই ও তিনটির তদন্ত করছে কোতোয়ালি মডেল থানা।

সিআইডির কুমিল্লা ও নোয়াখালী বিভাগের বিশেষ পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান গতকাল বিকেলে বলেন, ‘কারা ইকবালকে মণ্ডপে পবিত্র কোরআন রাখার নির্দেশ দিয়েছেন, তাঁদের নাম পাওয়া গেছে। নামগুলো যাচাই–বাছাই চলছে।’

এদিকে এ ঘটনায় জেলা প্রশাসন একটি, পুলিশ সদর দপ্তর একটি ও জেলা পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করে। এসব কমিটির একটিরও প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘তদন্ত কমিটির কাজ চলছে।’

পিবিআই কুমিল্লা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘মামলাগুলো (চার মামলা) আমাদের কাছে এসেছে এক সপ্তাহ আগে।’