মা ছাড়া দুই ভাইবোন কিছুই বুঝত না। খাবার, কাপড় সবকিছুতেই মায়ের ছোঁয়া থাকা চাই। মা–পাগল দুই ছেলেমেয়েকে ঘিরেই ছিল জয়শ্রী জামানের পৃথিবী। কষ্ট হচ্ছিল, এর মাঝেই সুখ খুঁজে নিয়েছিলেন তিনি। একসঙ্গে দুই সন্তান হারিয়ে পাগলপ্রায় এই মা।
গত মঙ্গলবার রাজধানীর উত্তরার ভাড়া ফ্ল্যাট থেকে জয়শ্রী জামানের মেয়ে চিরশ্রী জামান (১৯) ও ছেলে মোহাম্মদ বিন আলীমের (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, দুই ভাইবোন আত্মহত্যা করেছেন।
ঘটনার পর রাজধানীতে এক স্বজনের বাসায় জয়শ্রীকে নেওয়া হয়। গতকাল বুধবার সেখানে গিয়ে দেখা গেল, তাঁকে খাওয়ানোর চেষ্টা করছেন এক স্বজন। আর তিনি বলে চলেছেন, ‘আমার বাবুটা চলে গেল।’ অসুস্থ জয়শ্রীকে কথা বলতে মানা করেছেন চিকিৎসকেরা। স্বজনেরা তাঁকে সে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন।
জয়শ্রী বলেন, ‘গত সাড়ে সাতটা বছর শুধু ওদের নিয়েই থেকেছি। ওরা আমি ছাড়া আর কোনো কিছুই বুঝত না। আমার হাতের রান্না ভাত ছাড়া বুয়ার রান্না খাবে না। বুয়া যদি একটা চামচও ধুয়ে দেয়, সেটাও ওদের পছন্দ হয় না। আমাকে বলে, “মা, তুমি গরম পানি দিয়ে ধুয়ে দাও।’”
জয়শ্রী জামান বাংলাদেশ সংবাদ সংস্থার সহসম্পাদক। সাড়ে সাত বছর আগে সাংবাদিক স্বামী আলীমুল হকের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। এর পরে কিছুদিন আলীমুল ছেলেমেয়েদের খরচ দিলেও পরে তা বন্ধ করে দেন। সচ্ছলভাবে বেড়ে ওঠা, ইংরেজি মাধ্যমে পড়ুয়া দুই ছেলেমেয়ে নিয়ে অকূল পাথারে পড়েন জয়শ্রী।
আলীমুল হক এখন চীনে থাকেন। গত রাত সােড় ১২টার দিকে তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার রাতেই তিনি সন্তানদের মৃত্যুর খবর পেয়েছেন। তিনি ভীষণভাবে মুষড়ে পড়েন। তাই কারও ফোন ধরেননি। তিনি বলেন, ঢাকায় থাকার সময় এবং চীনে যাওয়ার পরেও ছেলেমেয়েদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। ৮ সেপ্টেম্বরও মেয়ে তাঁকে ই–মেইল করেছে। তিনি বলেন, বাচ্চারা নিজেরাই তাদের মায়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
ছেলেমেয়েকে নিয়ে নিজের যুদ্ধ শুরুর কথা মনে করে জয়শ্রী বলেন, ‘যখন ওদের নিয়ে এক কামরার বাসায় ভাড়া থাকতাম, তখন আমার কাজের লোক রাখার সামর্থ্য ছিল না। কিন্তু ওরা তো একটা কাপড় বেশিক্ষণ পরত না। কিছুক্ষণ পরে খুলে ফেলত। আর আমি সেগুলো ধুয়ে তারপর স্কুলে যেতাম, টিউশনি করে বাসায় ফিরতাম। কখনো বাসায় এসে দেখতাম বিদ্যুৎ নেই। ছেলেটা আমার মোবাইল ফোনের আলো জ্বালিয়ে অঙ্ক করছে। এত লক্ষ্মী বাবু ছিল আমার। এভাবে আল্লাহ ওদের নিয়ে গেল।’
প্রতিদিনই সকালে ছেলেমেয়েদের খাইয়ে অফিসে যেতেন জয়শ্রী। অফিসে থাকার সময় মুঠোফোনে কথা হতো। জয়শ্রী বলছিলেন, ‘(মঙ্গলবার) সকালে ওদের খাইয়ে-দাইয়ে অফিসে গেলাম। দরজা থেকে বের হওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে বিদায় জানাল। অফিস থেকে ফিরে দেখি, দরজা বন্ধ। ডাকাডাকি করলাম, দরজা খোলে না। আমি ভাবলাম বোধ হয় বাবুরা ঘুমিয়ে পড়েছে। কেয়ারটেকারকে (বাড়ির তত্ত্বাবধানকারী) ডাক দিলাম। বললাম যে ইলিয়াস, তুমি আমার ফ্ল্যাটে ঢুকতে পারবে কি না দেখ। ও বলল, বারান্দার স্লাইডিং ডোর খোলা থাকলে ঢোকা সম্ভব। ও পাশের ফ্ল্যাটের ভেতর দিয়ে ঢুকল। ঢুকেই ও (কেয়ারটেকার) চিৎকার দিল। গিয়ে দেখলাম আমার বাবুরা আর নাই। পাশের বাসার ভাবি আর কেয়ারটেকার আমাকে জড়িয়ে ধরল। ভাবি বলল, আপা আপনি দেখতে পারবেন না।’
‘আমার ছেলেটা সারা দিন গান শুনত। সবে ওকে একটা স্কুলে নাইনে ভর্তি করিয়েছি। এখনো ওই স্কুলে যাওয়া শুরু করেনি। এর মধ্যেই কী হয়ে গেল সব।’
স্বজনেরা জানান, গত মঙ্গলবার রাতে আজিমপুর কবরস্থানে দুই ভাইবোনকে দাফন করা হয়েছে। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বলেন, তদন্তের প্রয়োজনে জয়শ্রী জামানের সঙ্গে কথা বলবে পুলিশ। এর পরে হয়তো ঘটনার কারণ সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতে পারে।
এদিকে এ দুই মৃত্যু নিয়ে কিছু গণমাধ্যমের সংবাদ পরিবেশনার ধরন স্বজনদের মনে আঘাত দিয়েছে। স্বজনেরা বলেন, ‘নিহত ছেলেমেয়ে দুটির মা একজন সাংবাদিক। আমরা অবশ্যই সংবাদমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীলতা আশা করি।’