এআইইউবির গাড়িতে বোমা হামলায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) মাইক্রোবাসে পেট্রলবোমা হামলার ঘটনায় দেলোয়ার হোসেন নামের একজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ আদেশ দেন।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে দেলোয়ার এআইইউবির ছাত্র পরিবহনের মাইক্রোবাসে পেট্রলবোমা নিক্ষেপ করেন। তবে এতে আগুন ধরেনি ও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে গাড়িতে থাকা শিক্ষার্থীরা তাঁকে ধরে স্থানীয় টহল পুলিশের হাতে তুলে দেন।

গতকাল রাতেই এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলাটি তদন্ত করছে কাউন্টার টেররিজম ইউনিট। এ মামলায় আজ দেলোয়ারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য জানান।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, দেলোয়ার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মতাদর্শী। অনলাইনে বিভিন্ন উগ্রবাদী ভিডিও দেখে নিজেই উদ্বুদ্ধ হয়ে হামলার সিদ্ধান্ত নেন।

জিজ্ঞাসাবাদে দেলোয়ারের দেওয়া তথ্যের বরাত দিয়ে উপকমিশনার আবদুল মান্নান জানান, বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমদের ওপর হামলার ঘটনায় সরকার কোনো প্রতিবাদ করছে না, এমটাই দাবি দেলোয়ারের। এই ক্ষোভ থেকে তিনি স্পর্শকাতর স্থান হিসেবে হামলার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে বেছে নেন।

দেলোয়ার কৃষি ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে জাপানে গিয়েছিলেন। কয়েক মাস আগে তিনি দেশে ফেরেন।