ডিবির তথ্য
এআইজি পরিচয়ে পুলিশের সঙ্গেও প্রতারণা
গোপালগঞ্জের ছেলে গালিব চৌধুরী এমএ পাস করার পর চাকরির চেষ্টা না করে প্রতারণার পথ বেছে নেন।
‘হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম থেকে মোবাইল অপারেটর আশিক বলছি।’ ফোনের অপর পাশ থেকে ভেসে আসে, ‘আশিক, আমি পুলিশ সদর দপ্তরের এআইজি (অতিরিক্ত মহাপরিদর্শক) সাইফুল বলছি। জেলখানায় আমাদের কোনো পুলিশ সদস্য আছে নাকি?’ জবাবে আশিক জানান, কেন্দ্রীয় কারাগারে পুলিশ পরিদর্শক জাহিদ হাসান আছেন।
নম্বর নিয়ে পরিদর্শক জাহিদ হাসানকে ফোন করেন সাইফুল। বলেন, ‘আমি এআইজি সাইফুল, ২৪ ব্যাচ, পুলিশ সদর দপ্তর। আমার এক আত্মীয় জেলখানায় আছেন, নাম মোহাম্মদ আলী। ডিবি (গোয়েন্দা পুলিশ) একটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। তুমি একটু ওর পরিবারের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করো।’
এভাবেই পুলিশ সদর দপ্তরের এআইজি পরিচয়ে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের ফোন দিতেন গালিব চৌধুরী (খোকন)। ডিবি বলছে, একসময় পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন গালিব। পরে এআইজি পরিচয়ে বিভিন্ন মামলার আসামিদের ছাড়ানো, পুলিশ কর্মকর্তাদের বদলি–পদোন্নতি করিয়ে দেওয়া এবং বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানে তদবিরের মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেছেন।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিভিন্ন মামলার আসামি ছাড়ানোর জন্য ডিএমপির হাতিরঝিল, ক্যান্টনমেন্ট, তেজগাঁও থানাসহ দেশের বিভিন্ন থানার ওসি ও পুলিশ কর্মকর্তাদের ফোন করতেন গালিব চৌধুরী।
গত সোমবার রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গালিব চৌধুরী (৪৬) এবং তাঁর দুই সহযোগী লিয়াকত আলী ও সাইফুল চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডিবি, ডিএমপি ও র্যাব লেখা জ্যাকেট উদ্ধার করা হয়। গালিব ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সবুজবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।
ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তির বাবার কাছ থেকে ৮৫ হাজার টাকা নিয়েছিলেন গালিব। তাঁর ছেলেকে ডিবির হাত থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে ওই টাকা নেন তিনি। তবে ব্যর্থ হন। পরে ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বিষয়টি অনুসন্ধান করে গালিব ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, গালিব যখন ওসি বা ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের এআইজি পরিচয়ে ফোন করতেন, তখন তিনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতেন। পুলিশি বিষয়ে তাঁর জানাশোনা বেশ। সে কারণে তাঁর কথা বিশ্বাস করে ফেলতেন পুলিশ সদস্যরা।
আট ধরনের প্রতারণা
সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা জানান, গালিব চৌধুরী আট ধরনের প্রতারণা করতেন। আসামি ছাড়ানো ছাড়াও তিনি তক্ষক ও সীমান্ত পিলার কেনাবেচার নামে প্রতারণা করে আসছিলেন।
পুলিশ কর্মকর্তা পরিচয়ে গালিব রাজধানীর অনেক যানবাহনের মালিকের কাছ টাকা নিতেন। ওই সব যানবাহন পুলিশের তল্লাশিতে আটকা পড়লে ভুয়া এআইজি পরিচয়ে ফোন করে ছাড়িয়ে দিতেন গালিব।
এ ছাড়া নারীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সখ্য গড়ে ‘ব্ল্যাকমেল’ করেন গালিব ও তাঁর চক্রের সদস্যরা।
গালিবের বিরুদ্ধে করা মামলার এজাহার সূত্রে জানা যায়, তাঁর কাছ থেকে জব্দ করা মুঠোফোনের তথ্য যাচাই–বাছাই করে কয়েকজন নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও পাওয়া গেছে। এ ছাড়া তক্ষক ও সীমান্ত পিলার কেনাবেচার নানা তথ্য রয়েছে। বিভিন্ন সময়ে তিনি দেশের বিভিন্ন থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়ে তদবির করেছেন, সে তথ্যও পাওয়া গেছে।
এআইজি পরিচয় প্রচারের জন্য লোক রেখেছিলেন
ডিবি জানায়, গালিব চৌধুরীর বাড়ি গোপালগঞ্জ সদর থানা এলাকায়। এমএ পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। এরপর চাকরির চেষ্টা না করে প্রতারণার পথে পা বাড়ান। গত ১০ বছরে নানা প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেছেন।
প্রতারণার টাকার একটা বড় অংশ নিজের কাছে রাখতেন গালিব। তাঁর এআইজি পরিচয় নিয়ে প্রচার–প্রচারণা চালানোর জন্য লিয়াকত আলীকে প্রতি মাসে ১০ হাজার টাকা দিতেন। তাঁর থাকা–খাওয়ার খরচও গালিব দিতেন। প্রতারণার টাকা সংগ্রহ করতেন তাঁর অপর সহযোগী সাইফুল চৌধুরী। তাঁকে দেওয়া হতো বিশেষ কমিশন।