এই ঈদেও বাড়ি ফেরা নির্বিঘ্ন হবে: কাদের

কয়েক দিনের ভারী বর্ষণের কারণে দেশের মহাসড়কগুলোর অবস্থা বেহাল হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তিনি বলেছেন, আগামী ঈদুল আজহা ও দুর্গাপূজা সামনে রেখে মহাসড়কগুলো সংস্কারের যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ঈদের মতো এই ঈদেও মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন হবে।
আজ মঙ্গলবার বিকেলে জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কের বেহালদশা পরিদর্শন করতে গিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি। বিগত ঈদুল ফিতরের মতো আগামী ঈদেও ঘরমুখো মানুষদের ঘরে ফেরা নিরাপদ হবে।’
মন্ত্রী বলেন, জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ আগামী বছরের জুন মাসের মধ্যেই শুরু হবে। আর এই মহাসড়কের দুই পাশে অসৎ উদ্দেশ্যে স্থাপিত স্থাপনাগুলো অপসারণ করা হবে। এ সময় মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ আগামী মার্চের মধ্যে শেষ করা হবে।
এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক কর্নেল যোবায়ের সালেহীন, লে. কর্নেল আনোয়ার হোসেন, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।