এই দম্পতির মুখে কেবলই ফেসবুক!
দুই মেয়ের পর এক ছেলে। মা-বাবার কাছে সে সাত রাজার ধন। ধীরে ধীরে বড় হচ্ছিল শিশুটি। মাত্র চার মাস বয়সের দুধের এই শিশু গত শনিবার অপহৃত হয়। মা-বাবা শিশুটিকে খুঁজতে পাগলের মতো এখানে-ওখানে ছুটতে থাকেন। থানায় জিডি করেন। তাঁদের বাড়িওয়ালা শিশুটির ছবি ফেসবুকে দেন। একই সঙ্গে সন্দেহভাজন অপহরণকারীর ছবিও দেওয়া হয়। অপহরণকারী শিশুটিকে নিজের দাবি করে বিক্রি করতে গিয়ে ধরা পড়েন। শেষমেশ ফেসবুকের কারণে উদ্ধার হয় শিশুটি।
শিশুটির নাম আবদুল্লাহ। মা-বাবা হলেন রহিম ও বিলকিস। তাঁরা রাজধানীর যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় থাকেন।
কাঠমিস্ত্রি রহিম প্রথম আলোকে বলছিলেন, ‘দুই মেয়ের পর কোলজুড়ে আসে আবদুল্লাহ। ওকে যখন অপহরণ করে নিয়ে যায়, তখন আমি পাগলের মতো ছুটে বেড়িয়েছি। তবে বাড়িওয়ালা বুদ্ধি করে আবদুল্লাহর ছবি ফেসবুকে দিয়ে দেন। একই সঙ্গে দেন অপহরণকারী আকলিমার ছবিও। আকলিমা আমাদের পাশের বাসায় ভাড়া থাকতেন।’
রহিম আরও বলেন, ‘আবদুল্লাহকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর আকলিমা আমার ছেলেকে নিয়ে ওয়ারী থানা এলাকার টিকাটুলির এক বাসায় যান। আবদুল্লাহকে নিজের শিশু দাবি করে এক লাখ টাকায় বিক্রির জন্য কথাবার্তা বলেন। ওই বাসার মালিকের সন্দেহ হয়। তিনিও ফেসবুকে আমার বাচ্চার ছবি দেখেছেন। বিষয়টি বুঝতে পেরে আকলিমা চলে যান শরীয়তপুরে। পরে পুলিশ তাঁর মোবাইল ট্র্যাক করে গতকাল মঙ্গলবার সেখান থেকে আকলিমাকে গ্রেপ্তার করে। আমরা ফিরে পাই আবদুল্লাহকে।’

শিশু ফিরে পাওয়ার পর আজ বুধবার আবদুল্লাহকে কোলে নিয়ে আদালতে আসেন রহিম ও বিলকিস। রহিম যখন শিশু ফিরে পাওয়ার গল্প করছিলেন, তখন বিলকিসের চোখ দিয়ে টপটপ করে পড়ছিল জল। এ সময় আদালত এলাকায় শিশুটিকে ফিরে পাওয়ার গল্প বলতে গিয়ে এই দম্পতি বারবার ফেসবুকের কথা বলছিলেন।

বিলকিস বললেন, ‘ফেসবুকে আবদুল্লাহর ছবি দেওয়ায় তাকে বিক্রি করতে পারেননি অপহরণকারী আকলিমা। বাসার মালিক হায়দার ভাই শিশুটির ছবি ফেসবুকে দিয়েছিলেন। ফেসবুকের কারণে আবদুল্লাহকে আবার কোলে ফিরে পেলাম।’
আবদুল্লাহকে অপহরণ করার পর তাঁর বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি অপহরণ মামলা করেন। সেই মামলায় আকলিমাকে আসামি করা হয়। মামলাটি তদন্ত করছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর।
শিশু আবদুল্লাহকে উদ্ধারের ব্যাপারে পুলিশের এই কর্মকর্তা বললেন, ‘অপহরণের সংবাদ পেয়ে শিশুটি উদ্ধারের জোর তৎপরতা চালাতে থাকি। আর শিশুটির ছবি ও অপহরণকারীর ছবিও ফেসবুকে দেওয়া হয়। ফেসবুকে শিশুটির ছবি থাকার কারণে অপহরণকারী শেষ পর্যন্ত আর বিক্রি করতে পারেননি। পরে শিশুটিকে নিয়ে শরীয়তপুরে যান অপহরণকারী। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করেছি। আকলিমা এখন কারাগারে।’
অঢাকার একটি আদালত শিশুটিকে তাঁর মা-বাবার জিম্মায় দিয়েছেন। আদালত থেকে নিয়ে যাওয়ার সময় আবদুল্লাহর মা বলছিলেন, ‘ফেসবুকের কারণে ফিরে পেলাম বুকের ধন।’