এই বুঝি পুলিশ আসিল...
গ্রেপ্তার আতঙ্কে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাঁও গ্রামের অধিকাংশ পরিবার পুরুষশূন্য হয়ে পড়েছে। নদে মাছ ধরাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও হরিপুর উপজেলার দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার পর টেংরিয়া দিলগাঁও গ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করা হলে সেখানে পুলিশি আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুলিক নদে মাছ ধরার জন্য বাঁশের ঝোপঝাড় ফেলেন হরিপুর উপজেলার টেংরিয়া দিলগাঁও গ্রামের সাইফুলের লোকজন।গত ২৬ ফেব্রুয়ারি রানীশংকৈল উপজেলার লেহেম্বা গ্রামের লোকজন নদে মাছ ধরতে যান। তখন দুই পক্ষের মধে৵ সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় লেহেম্বা গ্রামের নিরেশ চন্দ্র রায় (৩৫) নিহত হন।
এ ঘটনায় নিরেশের ভাই মহেন্দ্র নাথ রায় বাদী হয়ে টেংরিয়া দিলগাঁও গ্রামের সাতজনকে আসামি করে রানীশংকৈল থানায় মামলা করেন। এজাহারভুক্ত আসামিদের খুঁজে না পেয়ে পুলিশ টেংরিয়া দিলগাঁও গ্রাম থেকে আবদুর রাজ্জাক, দর্শন আলী, মোতাল্লেব হোসেন নামের তিন পুরুষ ও মারুফা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করে। এরপরই ওই গ্রামে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়লে অধিকাংশ পুরুষ গ্রামের বাড়িঘর ছেড়ে পালান। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই গ্রামের নারীদের মধে৵ও।
সরেজমিনে গত বুধবার সকালে টেংরিয়া দিলগাঁও গ্রামে দেখা যায়, চারদিকে সুনসান নীরবতা। এই প্রতিবেদকের মোটরসাইকেলের শব্দ শুনে দু-একজন নারী-শিশুকে এদিক-ওদিক ছুটে পালাতে দেখা যায়। সাংবাদিক পরিচয় জানার পর এক এক করে বের হয়ে আসেন কয়েকজন নারী। আসেন কয়েকজন বৃদ্ধ ও শিশু।
এ সময় লতিফা বেগম (৭০) নামের এক বৃদ্ধা বলেন, গ্রামে এখন নারী ও শিশু ছাড়া কেউ নেই। পুলিশের ভয়ে সবাই এলাকা ছেড়ে চলে গেছে। তিনি আরও বলেন, ‘মোর তিন ছুয়া খুনের সাতত ছিলনি। তবু পুলিশ রাইতত বাড়িত আসিয়া মোর তিন ছুয়াক খুঁজে। পুলিশের ডরত ছুয়ালা বাড়ি ছাড়ে পালাইছে।’
গ্রেপ্তার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন গ্রামের মো. সোবহান। তাঁর স্ত্রী লাভলী বেগম বলেন, তাঁর স্বামীর হাঁসের খামার ছিল। সেই খামারে প্রায় এক হাজার হাঁস ছিল। সন্ত্রাসীরা হামলার পর গ্রাম ছেড়ে যাওয়ায় ওই হাঁসগুলোর অর্ধেকের বেশি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন জাহাঙ্গীর আলম। তাঁর স্ত্রী সখিনা বেগম বলেন, ‘আমার স্বামী পুলিশের ভয়ে পালিয়ে আছেন। এনজিও থেকে ঋণ নিয়েছিলাম। এখন সাপ্তাহিক কিস্তিও দিতে পারছি না। কিস্তির জন্য স্যারেরা এসে ঘুরে যাচ্ছেন।’
পালিয়ে থাকা নাসিরুলের স্ত্রী দুলালী বেগম বলেন, তাঁর স্বামী দিনমজুরি করে সংসার চালান। দিনের শেষে যা আনেন, তা দিয়েই চলে সংসার। স্বামী না থাকায় অন্যের বাড়ি থেকে চেয়ে চেয়ে খাচ্ছেন তিনি। তাঁর স্বামী কোথায় কীভাবে আছেন তা–ও জানেন না।
রেহেনা বেগম নামের আরেক নারী বলেন, মারুফাকে পুলিশ গ্রেপ্তারের পর থেকে এলাকার নারীরাও ভয়ে আছেন। তিনি বলেন, ‘কোনো গাড়ির শব্দ কানে এলেই মনে হয়, এই বুঝি পুলিশ আসিল (এল)।’
হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আলী বলেন, গ্রামে নিরপরাধ লোকজনকে হয়রানি না করতে পুলিশকে অনুরোধ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা রানীশংকৈল থানার উপপরিদর্শক আজগর আলী বলেন, মামলার বাদী ও সাক্ষীদের দেওয়া তথ্যের ভিত্তিতেই ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরপরাধ লোকজনকে হয়রানির অভিযোগ বানোয়াট। পুলিশি আতঙ্কে লোকজন গ্রাম ছাড়ছেন বলে শোনার পর নিরপরাধ ব্যক্তিদের গ্রাম না ছাড়তে ওই এলাকায় ঢোল পেটানো হয়েছে। তবু লোকজন গ্রামে ফিরছেন না।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, নিরপরাধ কাউকে হয়রানি করার প্রশ্নই ওঠে না। ঘটনায় প্রকৃত জড়িত ব্যক্তিদেরই গ্রেপ্তারের অভিযান চলছে।