এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার দুটি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কলেজ দুটি হলো সদর উপজেলার বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ ও সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সৈকত ডিগ্রি কলেজ।
অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে গতকাল বৃহস্পতিবার বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা ফি কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। উদ্ভূত পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে। পরে ৯০০ টাকা ফি কমানোর ঘোষণা দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।
আন্দোলকারী শিক্ষার্থীরা বলে, বিজ্ঞান বিভাগের জন্য বোর্ড নির্ধারিত ফি ১ হাজার ৮০০ টাকা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ নানা খাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। এ অবস্থায় অভিভাবকেরা দিশেহারা হয়ে পড়েছেন। কোনো কোনো শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই ফি কমানোর দাবিতে বাধ্য
হয়ে তারা কলেজ ফটকে তালা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী প্রথম আলোকে বলে, তার পূর্বের কোনো বকেয়াও নেই। এরপরও তার কাছে দাবি করা হয়েছে ৫ হাজার ২০০ টাকা। পরিবারের আর্থিক যে অবস্থা তাতে তিন হাজার টাকায়ও ফরম পূরণের সামর্থ্য তার নেই।
এ বিষয়ে অধ্যক্ষ মো. এনামুল হক প্রথম আলোকে বলেন, বেশির ভাগ শিক্ষার্থীর কাছেই কলেজের মাসিক বেতন বকেয়া রয়েছে। এ কারণে ফরম পূরণের ফির সঙ্গে ওই টাকা পরিশোধ করতে বলেছেন তাঁরা। কিন্তু শিক্ষার্থীরা বকেয়া বেতন দিতে রাজি না হয়ে উল্টো ফি কমানোর দাবিতে আন্দোলন শুরু করে। তিনি বলেন, কলেজের ব্যবস্থাপনা কমিটির বৈঠকে প্রত্যেক শিক্ষার্থীর ফরম পূরণের ফি চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু গতকাল তাদের দাবির পরিপ্রেক্ষিতে ৯০০ টাকা কমানো হয়েছে।
অপরদিকে সুবর্ণচর উপজেলার সৈকত ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের দাবি, এইচএসসির ফরম পূরণ বাবদ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে পাঁচ-ছয় হাজার টাকা করে আদায় করছে।
জানতে চাইলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ অস্বীকার করেন কলেজের অধ্যক্ষ মো. মোনায়েম খান। তিনি প্রথম আলোকে
বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৭০০ টাকা থেকে ৪ হাজার ৩০০ টাকা করে আদায় করছেন তাঁরা। এর মধ্যে দুই বছরের
বকেয়া বেতন ও কলেজের ভবন নির্মাণের জন্য কিছু টাকা ধরা আছে।