এইচএসসি পরীক্ষার্থী অপহরণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের একজন এইচএসসি পরীক্ষার্থী অপহরণের শিকার হয়েছেন। পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার আগের দিন গত বুধবার সন্ধ্যায় তাঁকে অপহরণ করা হয়। পরে তাঁর বাবার কাছে মুঠোফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

অপহৃত পরীক্ষার্থীর নাম মনিরুজ্জামান হৃদয় (১৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের কালাইশ্রীপাড়া ব্লক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলামের খানের ছেলে। এ ঘটনায় নজরুল ইসলাম বুধবার রাত ১১টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি সূত্রে জানা যায়, মনিরুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। অবসরে তিনি শহরের বিরাসার এলাকায় অবস্থিত বাবার আসবাবের কারখানায় বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। গত বুধবার সন্ধ্যায় মনিরুজ্জামান কারখানা থেকে শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন। রাত সাড়ে আটটার দিকে অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে বাবা নজরুলের কাছে ফোন আসে। অপর প্রান্ত থেকে কান্নাজড়িত কণ্ঠে মনিরুজ্জামান বলেন, কিছু লোক তাঁকে অপহরণ করেছে। এরপরই মুঠোফোন তাঁর কাছ থেকে কেড়ে নিয়ে দুর্বৃত্তরা নজরুলের কাছে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে। টাকা না দিলে মনিরুজ্জামানকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে এ বছর এইচএসসি পরীক্ষায় পাস করেছে। একটু আগেও দুর্বৃত্তরা মুক্তিপণের জন্য ফোন করেছে।’

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, মনিরুজ্জামানকে উদ্ধারের চেষ্টা চলছে।