এইচএসসি পরীক্ষার্থী 'নিখোঁজ'
বরগুনার পাথরঘাটায় এক এইচএসসি পরীক্ষার্থী ২২ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত ১৫ মার্চ পাথরঘাটা থানায় মামলা করেছেন।
ওই ছাত্রীর বাবার ভাষ্য, ১৪ মার্চ সকালে বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে তাঁর মেয়েকে অপহরণ করা হয়। ঘটনার সময় মোটরসাইকেলে তুলে মেয়েটিকে নিয়ে যায় বাদল হাওলাদার নামের একজন। বাদলের সঙ্গে ছয়-সাতজন লোক ছিল।
ছাত্রীটির এ বছরই এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। ছাত্রীর কলেজের অধ্যক্ষ বলেন, ‘গত ১ এপ্রিল শুরু হওয়া পরীক্ষায় মেয়েটি অনুপস্থিত ছিল। শুনেছি, তাকে বাদল নামের একজন অপহরণ করেছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ওই মেয়েদের বাড়িতে বাদলের যাতায়াত ছিল। তা ছাড়া ঘটনার দিন অনেকটাই স্বেচ্ছায় বাদলের মোটরসাইকেলে ওঠে মেয়েটি। পাথরঘাটা থানার ওসি জি এম শাহ নেওয়াজ বলেন, মেয়েটিকে উদ্ধার করা গেলে ঘটনা পরিষ্কার হয়ে যাবে।