এইচএসসি পরীক্ষার্থীকে হত্যা, আসামির বাড়ি ভাঙচুর

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গতকাল শনিবার রাতে আমিনুল ইসলাম নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আজ রোববার ওই হত্যা মামলার এক আসামিসহ কয়েকজনের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এ সময় এলাকাবাসী এজাহারভুক্ত আসামি সাব্বিরকে আটক করে পুলিশে দেন।
নিহত আমিনুলের বাড়ি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উলাল-বাটনা গ্রামে। তিনি শহীদ আবদুর রব সেরনিয়াবাত কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী জানান, আমিনুলের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এতে বাধা দেন খায়রুল সিকদার নামের স্থানীয় এক যুবক। গতকাল সন্ধ্যায় খায়রুল মুঠোফোনে আমিনুলকে বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া এলাকার নাইয়াপাড়ায় ডেকে নিয়ে যান। সেখানে কথা–কাটাকাটির একপর্যায়ে খায়রুলসহ কয়েকজন তাঁকে রড ও কাঠ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যান। আমিনুলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত তিনটার দিকে ঢাকা নেওয়ার পথে মাওয়া ফেরিতে মারা যায় আমিনুল।

এ ঘটনার জের ধরে আজ সকাল সাড়ে আটটার দিকে দুই শতাধিক এলাকাবাসী লাঠিসোঁটা, রামদা, দেশি অস্ত্রসহ বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া এলাকায় হামলা চালান। পরে খায়রুল সিকদারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।
আজ দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া মাছবাজারের আসবাব ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। ছড়িয়ে ছিটিয়ে আছে মাছ। এই বাজার থেকে এক কিলোমিটারের বেশি পথের দুই পাশের কলাগাছ, সুপারি ও অন্যান্য গাছ কাটা রয়েছে। খায়রুলদের বাড়িতে ঢোকার পথে লাল চানের দোকান ভাঙচুর করা এবং আগুনে পোড়া পণ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভেতরে আবদুল মালেক ফকির, মোতালেব সিকদার, দেলোয়ার হোসেন সিকদার, আলাউদ্দিন সিকদার ও আনিস সিকদারের ঘরের দরজা-জানালা ভাঙা। আগুনে পুড়ে গেছে ঘরের ফ্রিজ, টিভি, আসবাব, লেপ-তোশক প্রভৃতি।

আমিনুলের মা লুৎফুন্নেছা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘কাইল (শনিবার) বিকেলে সাইকেল নিয়া আমিনুল বাইর হইছে আর ফেরে নাই। খায়রুল আমিনুলকে ডাইক্যা নিয়া খুন করছে। আমি এর বিচার চাই।’
বরিশাল বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, আমিনুল নিহত হওয়ার জের ধরে বিক্ষুব্ধ এলাকাবাসী সিকদার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন। আমিনুলের বাবা আবদুর রশীদ বাদী হয়ে খায়রুলসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার সাব্বিরকে আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।