এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কেন্দ্র ফি আদায়
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ফি বোর্ড নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি আদায় করা হয়েছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা প্রশাসন ও তিনটি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ মার্চ এইচএসসি পরীক্ষা পরিচালনা ও কেন্দ্র ফি নির্ধারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলামের কার্যালয়ে পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে সুষ্ঠুভাবে কেন্দ্র পরিচালনার জন্য পৌরসভার চারটি কেন্দ্রে পরীক্ষার্থীপ্রতি এক হাজার টাকা এবং মফস্বল এলাকায় চারটি কেন্দ্রের পরীক্ষার্থী প্রতি ১ হাজার ৪০০ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়।
২০১৫ সালের ৩ নভেম্বর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত পরীক্ষার্থীদের ফরম পূরণের চিঠিতে পরীক্ষার্থীপ্রতি কেন্দ্র ফি বাবদ ব্যবহারিক বিষয় ছাড়া ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যেসব পরীক্ষার্থীর ব্যবহারিক বিষয় রয়েছে, তারা ওই ফির সঙ্গে প্রতি বিষয়ে ২৫ টাকা করে অতিরিক্ত দেবে। কিন্তু হাজীগঞ্জে উপজেলা প্রশাসন ও কেন্দ্র কর্তৃপক্ষ বোর্ডের নির্দেশ উপেক্ষা করে ইচ্ছেমতো কেন্দ্র ফি নির্ধারণ করেছে।
এ বিষয়ে ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন ২৬ মার্চ প্রথম আলোকে বলেন, ‘বোর্ড নির্ধারিত ফি দিয়ে কেন্দ্র চালানো কঠিন। প্রতিদিন একজন হল পর্যবেক্ষকের সম্মানী ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর আমার এখানে ১ হাজার ৪০০ টাকা ফি ছিল। এবারও একই ফি রাখা হয়েছে।’
এ বিষয়ে দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবির বলেন, ‘আমাদের ছাত্রছাত্রী কম। বোর্ড নির্ধারিত ফি দিয়ে কেন্দ্রের খরচই চলে না। হল পর্যবেক্ষকের সম্মানী দেওয়া যাবে না। সে জন্য বাড়তি ফি নেওয়া ছাড়া কোনো উপায় নেই।’
ইউএনও শেখ মুর্শিদুল ইসলাম বলেন, সরকারি ফি সম্ভবত ৩০০ টাকা ধরা হয়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা ওই ফি দিয়ে কেন্দ্র চালাতে পারবেন না বলে সভায় মতামত ব্যক্ত করেছেন। পরে সবার সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে। ২৬ মার্চকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক নিখিল চন্দ্র রায়ের কার্যালয়ের ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য জানা যায়নি।