এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় গতকাল মঙ্গলবার এক এইচএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়ায় এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
নিহত ব্যক্তিরা হলেন বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সমনভাগ চা-বাগানের মুন্ডা টিলার শ্রীপ্রসাদ মুন্ডার মেয়ে মিনতি মুন্ডা (১৯) ও ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ পৈরতলায় মহল্লার গ্রীনরোড এলাকার পাবন বণিক (৮৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিনতি জুড়ী তৈয়বুন্নেছা একাডেমি থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। পড়ালেখার পাশাপাশি তিনি সমনভাগ চা-বাগানের ১৪ নম্বর ব্র্যাক প্রি-প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন। গতকাল বেলা দেড়টার দিকে স্কুল ছুটি দিয়ে মিনতি লাইনে (চা-শ্রমিকদের বসবাসের স্থান) ফিরছিলেন। স্কুল থেকে প্রায় ১০০ মিটার দূরে আবু রিকমুন নামের এক চা-শ্রমিক মিনতির গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে মিনতির লাশ উদ্ধার করে।রিকমুন একই বাগানের ভিম রিকমুনের ছেলে। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে মিনতির ওপর রিকমুনের আক্রোশ ছিল।
গতকাল ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলায় মহল্লার গ্রীনরোড এলাকায় হত্যা করা হয় পাবনকে। পাবনের স্ত্রী বাসনা বণিক বলেন, এলাকার কিছু মানুষের সঙ্গে পাবনের পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে।