এইচএসসি পরীক্ষায় চার অধ্যক্ষকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অব্যবস্থাপনার অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চারটি কলেজের অধ্যক্ষকে সতর্কীকরণ নোটিশ দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিগুলো অধ্যক্ষদের কাছে পৌঁছানো হয়।

গতকাল বোর্ড থেকে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ, চলন কলেজের অধ্যক্ষ আলী হোসেন মজুমদার ও ডা. যোবায়দা হান্নান কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনকে নোটিশ দেওয়া হয়। তাঁরা নাঙ্গলকোটের চারটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম বলেন, ২ এপ্রিল সরেজমিনে চারটি পরীক্ষাকেন্দ্রে দেখা গেছে, কেন্দ্রগুলোয় আসনবিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী করা হয়নি। উপরন্তু কেন্দ্রের ভেতরে পরীক্ষা কমিটির নামে বাড়তি লোকের আনাগোনাসহ নানা ধরনের অসংগতি চোখে পড়েছে, যা বোর্ডের পরীক্ষা-সংক্রান্ত নীতিমালার পরিপন্থী।