এইচএসসি ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ঝাড়বাড়ী মহাবিদ্যালয়ে এইচএসসিতে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।
শিক্ষা বোর্ডের জারি করা ভর্তির প্রজ্ঞাপনের ৫ অনুচ্ছেদের ৫.৫-এর উল্লেখ আছে, সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল/পৌর (উপজেলা) এলাকায় ১০০০ টাকার বেশি হবে না। কিন্তু শিক্ষা বোর্ডের নিয়মনীতিকে তোয়াক্কা না করে দ্বিগুণের বেশি ভর্তি ফি গ্রহণের অভিযোগ রয়েছে ওই মহাবিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে।
আবু বকর সিদ্দিক নামে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীর এক অভিভাবক গতকাল মঙ্গলবার বলেন, উপজেলার বিভিন্ন কলেজে ভর্তির জন্য ১৫০০ টাকা নেওয়া হলেও ঝাড়বাড়ী মহাবিদ্যালয়ে ভর্তি হতে ২২০০ টাকা নেওয়া হচ্ছে।
বীরগঞ্জের বাসিন্দা ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুল হক বলেন, ‘এলাকার বেশির ভাগ মানুষ কৃষক। এসব মানুষের নুন আনতে পান্তা ফুরায়। তাঁদের পক্ষে এইচএসসিতে ভর্তি করতে ২০০০ হাজার বা ২২০০ টাকা তো দূরের কথা, ১০০০ টাকা জোগাড় করা দায়। এত টাকা দিয়ে সন্তানদের কলেজে ভর্তি করাতে অভিভাবকেরা নাজেহাল হয়ে পড়েছেন।’
ঝাড়বাড়ী কলেজ পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি ইসলামের ইতিহাসের শিক্ষক মোশারফ হোসেন বলেন, কলেজ পরিচালনা কমিটির বৈঠকে ভর্তি ফি সর্বসাকল্যে ২২০০ টাকা নির্ধারণ করা হয়। সে অনুযায়ী ভর্তি হতে ইচ্ছুক প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২২০০ টাকা করে নেওয়া হচ্ছে।
ভর্তির জন্য ২২০০ টাকা নেওয়ার কথা স্বীকার করে কলেজেরে অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন বলেন, ‘২২০০ টাকার ফি নির্ধারণের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি ভুল ছিল। আমরা আমাদের ভুল বুঝতে পেরে ভর্তি ফি পুনর্নির্ধারণ করে ১৭০০ টাকা করেছি।’