এইচএসসিতেও ফরম পূরণে বেশি টাকা আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফি সর্বোচ্চ এক হাজার ৬৭০ টাকা। কিন্তু রাজধানীর কয়েকটি কলেজ ফরম পূরণের সময় এর চেয়ে বেশি টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছে বলে অভিযোগ উঠেছে।

অভিভাবকদের অভিযোগ, কোনো কোনো কলেজ ‘অতিরিক্ত ক্লাসের জন্য’, আবার কোনোটি অন্য খাতে টাকা নিচ্ছে। এ ছাড়া আগামী বছরের জুন পর্যন্ত মাসিক বেতনও নিচ্ছে কোনো কোনো কলেজ। অথচ এই পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় ১ এপ্রিল।

ফরম পূরণের সময় বোর্ড অনুমোদিত ফির চেয়ে বেশি অর্থ না নেওয়ার নির্দেশ দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড ১১ ডিসেম্বর কলেজগুলোকে ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ দিয়েছে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান দিলারা হাফিজের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত নভেম্বর মাসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় রাজধানীর অনেক বিদ্যালয়ের বিরুদ্ধে বেশি টাকা আদায়ের অভিযোগ ওঠে। এ রকম ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিকে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে বক্তব্য দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গত রোববার এ আদেশ দেওয়া হয়।

ঢাকা বোর্ডের সময়সূচি অনুযায়ী গতকাল সোমবার কলেজগুলোতে ফরম পূরণ শুরু হয়েছে। তবে কিছু কলেজ আগেই ফরম পূরণের কাজ শুরু করে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীদের ফরম পূরণ ও ব্যাংক ড্রাফট বা টিটি করার শেষ সময় ২৮ ডিসেম্বর এবং বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। বোর্ডের নির্ধারিত পরীক্ষা ফি প্রতি পত্র বা বিষয়ের জন্য ৭৫ টাকা (মোট বিষয় ১৩টি), প্রতি পত্রের ব্যবহারিক পরীক্ষা ফি ২৫ টাকা (যাদের আছে), কেন্দ্র ফি ৩০০ টাকা, নম্বরপত্রের জন্য ৫০ টাকা, সনদ ফি ১০০ টাকা, রোভার স্কাউট বা গার্ল গাইডস ফি ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ফরম পূরণের সময় একজন শিক্ষার্থীর কাছ থেকে সব মিলিয়ে ১৪ হাজার টাকার বেশি নেওয়া হচ্ছে বলে কয়েকজন অভিভাবক অভিযোগ করেন। এই কলেজে বোর্ডের ফির বাইরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের বেতন বাবদ সাত হাজার ২০০ টাকা (প্রতি মাসে এক হাজার ২০০ করে), পরীক্ষার প্রস্তুতিমূলক বাবদ চার হাজার ২০০ টাকা, বনভোজন বাবদ ৮০০ এবং বিবিধ হিসেবে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসা নূনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুফিয়া খাতুন দাবি করেন, বোর্ডের নিয়মেই ফরম পূরণের টাকা নেওয়া হচ্ছে। ওই ছয় মাসের বেতনও নেওয়া হয়েছে শিক্ষাবর্ষ হিসাব করে নিয়ম মেনে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য দুই হাজার ৭৫ টাকা এবং অতিরিক্ত ক্লাসের জন্য সাড়ে তিন হাজার টাকা নেওয়া হচ্ছে। মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ব্যবহারিক কম থাকায় টাকাও কিছু কম লাগছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁরা বোর্ডের নিয়ম মেনেই ফি নিয়েছেন। অতিরিক্ত ক্লাস নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ভালোর জন্যই। কলেজে অতিরিক্ত ক্লাস করলে একটা নিয়ম-শৃঙ্খলার মধ্যে করতে হবে। এমন কিছু না করা হলে শিক্ষার্থীরা কোচিংয়ের দ্বারস্থ হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, শিক্ষার্থী ও অভিভাবকদের ‘সম্মতিতে’ অতিরিক্ত ক্লাসের জন্য সব মিলিয়ে মাসে এক হাজার ২০০ টাকা নিতে পারবে কলেজ।

নটের ডেম কলেজের একজন বিজ্ঞানের পরীক্ষার্থীর বাবা বলেন, তাঁর ছেলের ফরম পূরণ বাবদ দুই হাজার ৬০০ টাকা এবং ডিসেম্বর মাসের বেতন বাবদ আরও দুই হাজার টাকা নিয়েছে।

আরও কিছু কলেজে ফরম পূরণের সময় বেশি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি কলেজে ফরম পূরণের জন্য এখনো টাকা নেওয়া শুরু হয়নি।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির প্রথম আলোকে বলেন, আগেও বেশি টাকা নেওয়া হয়েছে। তখন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাড়তি টাকা নেওয়ার সাহস পেত না।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ প্রথম আলোকেবলেন, এসএসসির ফরম পূরণের অভিজ্ঞতার আলোকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের বিষয়ে তাঁরা আগাম সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছেন। এর পরও ব্যত্যয় ঘটলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।