জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বহাল রাখার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার পাল্টা মিছিল বের করেন। তবে পুলিশের লাঠিপেটায় তা পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ দুজনকে আটক করলেও পরে ছেড়ে দেয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ১৯৯৪ সালে খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার পর থেকে এখানকার শিক্ষার্থীরা সরকারি কিয়ামত উল্লাহ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিয়ে আসছেন। গত মঙ্গলবার মহিলা কলেজ কর্তৃপক্ষ জানতে পারে, আগেরটি থেকে স্থানান্তর করে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজকে তাঁদের নতুন কেন্দ্র করা হয়েছে। বুধবার আগের কেন্দ্রটি বহালের দাবিতে কলেজটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ অবস্থায় চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এখানে কেন্দ্র বাতিলের আশঙ্কা করেন।
খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের কর্মসূচির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। সেটি বকশীগঞ্জের উত্তর বাজার এলাকায় পৌঁছায়। খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এ মিছিলের খবর পান। উত্তেজনা সৃষ্টির আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মিছিলে পুলিশ বাধা দেয়। এরপরও মিছিলটি সামনের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশ মিছিল থেকে রহমান মিয়া ও মনির হোসেন নামের দুজনকে আটক করে থাকায় নিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, পরীক্ষার কেন্দ্র নিয়ে উভয় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বুধবার থেকে উত্তেজনা চলছে। গতকাল চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল বের করে। মিছিলটি নিয়ে শহরের ভেতর ঢুকতে নিষেধ করা হলেও তাঁরা মানেননি। ফলে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দুজনকে আটক করা হয়। পরে কলেজটির অধ্যক্ষ তাঁদের নিয়ে গেছেন।