এইচএসসির প্রশ্ন ফাঁস করায় শিক্ষকসহ ৪ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বানারীপাড়া উপজেলায় চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে উত্তরপত্র তৈরির সময় এক শিক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করেছে বানারীপাড়া থানার পুলিশ। গতকাল রোববার সকালে চাখার শের-ই-বাংলা এ কে ফজলুল হক কলেজ পরীক্ষাকেন্দ্রের পাশের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুস সালাম, আরিফুর রহমান, আজিম মোল্লা ও সুব্রত বালা। তাঁদের মধ্যে আবদুস সালাম বানারীপাড়া এসএস প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক, সুব্রত বালা ও আরিফুর চাখার ডিগ্রি কলেজের স্নাতক ও আজিম একাদশ শ্রেণির ছাত্র। তাঁদের সবার বাড়ি চাখার এলাকায়।
বানারীপাড়া থানার পুলিশ সূত্র জানায়, গতকাল এইচএসসির হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল। চাখার শের-ই-বাংলা এ কে ফজলুল হক কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র থেকে কৌশলে হিসাববিজ্ঞান বিষয়ের মূল প্রশ্নপত্র ফাঁস করে বাইরে এনে কলেজের পাশের একটি চায়ের দোকানে বসে তা সমাধান করা হচ্ছিল। গোপনে এমন সংবাদ পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে কলেজের পাশের একটি চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় বানারীপাড়া এসএস প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আবদুস সালাম ও চাখার কলেজের তিন ছাত্রকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিদের কাছে হিসাববিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র ও তা সমাধানের জন্য ব্যবহৃত কয়েকটি গাইড বই পাওয়া যায়। পুলিশ জানায়, একটি চক্রের হয়ে অর্থের বিনিময়ে আটক ব্যক্তিরা এসব কাজ করছিলেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের কাছে মূল প্রশ্নপত্র, এসব প্রশ্ন সমাধানের কয়েকটি কাগজ ও কয়েকটি গাইড বই পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাদেশে বানারীপাড়া থানায় একটি মামলা হয়েছে।