এইচএসসির ফরম পূরণে জামানত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার ল্যাবরেটরি কলেজে এইচএসসির ফরম পূরণে প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থসহ জামানত নেওয়া হচ্ছে। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জামানতের টাকা ফেরত দেওয়া হবে।
কলেজ কর্তৃপক্ষ ও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছর এই কলেজ থেকে ২৮৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৬০ জন উত্তীর্ণ হলে তাদের কাছ থেকে জনপ্রতি সাড়ে সাত হাজার টাকা নিয়ে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। বাকি ২৯ জনের নতুন করে পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে এক ও দুই বিষয়ে অকৃতকার্য ১১ জনের কাছ থেকে ১০ হাজার টাকা জামানত ও ৯ হাজার টাকা ফি নিয়ে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য ১৮ জনের কাছ থেকে ২০ হাজার টাকা জামানত ও ১১ হাজার টাকা ফি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।
সাভারের ঘোড়াদিয়া গ্রামের আনোয়ার হোসেন মোল্লা বলেন, তাঁর ছেলে সাইফ হোসেন মোল্লা তিন বিষয়ে অকৃতকার্য হওয়ায় এইচএসসির ফরম পূরণের সুযোগ দেওয়ার কথা বলে কলেজ কর্তৃপক্ষ তাঁর কাছে ২০ হাজার টাকা জামানত ও ১১ হাজার টাকা ফি দাবি করে। পরে স্থানীয় সাংবাদিকদের হস্তক্ষেপে তাঁর ছেলেকে ১১ হাজার টাকা নিয়ে গত বুধবার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়।
একই কলেজের ছাত্র মো. বিজয় মৃধা বলে, তিন বিষয়ে অকৃতকার্য হওয়ায় তার কাছেও ২০ হাজার টাকা জামানত ও ১১ হাজার টাকা ফি দাবি করা হয়। কিন্তু তার পক্ষে ওই পরিমাণ টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় সে ফরম পূরণ করতে পারেনি।
কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিভাবক, রাজনৈতিক দলের নেতাসহ প্রভাবশালী ব্যক্তিদের চাপে এক ও দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১০ হাজার টাকা জামানত নিয়ে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। এরপরও চাপ অব্যাহত থাকায় অন্যদের কাছ থেকে ২০ হাজার জামানত নিয়ে তাদেরও ফরম পূরণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যারা চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদের জামানতের টাকা ফেরত দেওয়া হবে। ইউএনও কামরুল হাসান মোল্যা বলেন, দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত হয়নি। আর বোর্ড-নির্ধারিত ফির অতিরিক্ত টাকা বা জামানত নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার কোনো বিধান নেই।