ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুরসম্রাট আলাউদ্দিন খাঁ কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কুমিল্লা বোর্ডের নিয়ম অনুযায়ী ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড ও কেন্দ্রের নির্ধারিত ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকা নেওয়ার কথা। কিন্তু কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড-নির্ধারিত টাকার চেয়ে প্রায় দেড় হাজার টাকা বেশি নিচ্ছে।
এই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ফরম পূরণের জন্য তাদের ৩ হাজার ৬০০ টাকা করে দিতে হয়েছে। যেসব শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, প্রতি বিষয়ের জন্য তাদের আরও ৩ হাজার টাকা করে দিতে হচ্ছে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহ জিকরুল আহমেদ বলেন, ‘কলেজের পাসের হার বাড়ানোর জন্য আমরা টেস্ট পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের ফরম পূরণের অনুমতি দিইনি। অতিরিক্ত ফি আদায়ের অভিযোগটি মনে হয় ঠিক না। তারপরও আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
নাম প্রকাশ না করার শর্তে মানবিক বিভাগের এক ছাত্রী বলে, সে দুটি পরীক্ষায় পাস করেনি। গত রোববার সে কলেজে দুই বিষয়ের জন্য ৬ হাজার টাকা এবং ফরম পূরণ বাবদ আরও ৩ হাজার ৬০০ টাকা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্র বলে, ‘আমি টেস্ট পরীক্ষায় তিন বিষয়ে ফেল করেছি। প্রায় ১৩ হাজার টাকা দিতে হবে। ফরম পূরণের টাকা জোগাড় নিয়ে দুশ্চিন্তায় আছি।’
কলেজের গণিত বিভাগের প্রভাষক ইকবাল হোসেন বলেন, এবার তাঁদের বিদ্যালয় থেকে প্রায় ৩২৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেবে। অভিভাবকদের সঙ্গে আলোচনা করে নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে জামানত বাবদ টাকা নেওয়া হয়েছে। তবে ফরম পূরণের জন্য অতিরিক্ত টাকা আদায় করা হয়নি।
অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে কথা বলার জন্য অধ্যক্ষ জাকির হোসেন ভূঁইয়ার মুঠোফোনে গতকাল সোমবার ফোন করলেও তিনি ধরেননি।