ফেনীতে র্যাবের হাতে ইয়াবা বড়িসহ আটক ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান গতকাল বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সময় তিনি আদালতকে ইয়াবা পাচার সিন্ডিকেটের সদস্য দাবি করে বেশ কয়েকজনের নাম বলেছেন।
গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় র্যাব সদস্যরা একটি প্রাইভেট কারসহ এএসআই মাহফুজুর রহমান ও তাঁর গাড়িচালক জাবেদ আলীকে আটক করেন। পরে গাড়ি তল্লাশি করে ২৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৬ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি, ৭ লাখ টাকা, চারটি মোবাইল ফোনসেট, ৮টি ক্রেডিট কার্ড এবং তিনটি নোটবইতে ২৮ কোটি টাকার ইয়াবা বিক্রির লেনদেনের হিসাবসহ বেশ কয়েকজনের নাম পাওয়া যায়। র্যাবের ডিএডি নায়েক সুবেদার মনিরুল ইসলাম বাদী হয়ে মাহফুজুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তা, গাড়িচালক জাবেদ আলীসহ চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
গত সোমবার এএসআই মাহফুজ ও তাঁর গাড়িচালক জাবেদকে ফেনীর বিচারিক হাকিম আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের এবং গাড়িচালক জাবেদ আলীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় মাহফুজুর রহমানকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মুহাম্মদ ফারুকীর আদালতে নেওয়া হলে তিনি দণ্ডবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর তাঁকে ফেনী কারাগারে পাঠানো হয়। গাড়িচালক জাবেদ আলীর জন্য আরও সাত দিন চাইলে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। এর আগে জাবেদ আলী দুই দিন রিমান্ডে পুলিশকে বেশ কিছু তথ্য দিলেও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিতে রাজি হননি।
নাম প্রকাশ না করে একটি সূত্র জানায়, ১৬৪ ধারায় এএসআই মাহফুজ ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত দাবি করে কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক মো. বেলাল ও চট্টগ্রাম পুলিশের কুমিরা হাইওয়ে ইনচার্জ (আইসি) মো. আশিকসহ ঢাকা ও বিভিন্ন অঞ্চলের বেশ কয়েকজন সদস্যের নাম বলেছেন। র্যাবের মামলায় তাঁদেরও আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান ১৬৪ ধারায় মাহফুজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে এএসআই মাহফুজ ও গাড়িচালক জাবেদের স্বীকারোক্তি মতে পুলিশ গতকাল সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাগুর গ্রাম থেকে ইয়াবা সিন্ডিকেটের কথিত আরেক সদস্য গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে। গতকাল তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এজাহার অনুযায়ী যাঁদের কাছে ইয়াবাগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল, তাঁরা হলেন হাইকোর্টের মুহুরি মো. মোতালেব, আইনজীবী জাকির, তোফাজ্জল হোসেন, এসবি কনস্টেবল শাহীন, কাশেম, আজাদ, গিয়াস, মামা গিয়াস, সেলিম, বিল্লাল, মামা হান্নানসহ অনেকে।