এএসআই সুজাউল খুনের ঘটনায় তিন যুবক গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজাউল ইসলামকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের খোকন হোসেন (৩২), একই ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়ার জনি প্রামাণিক (২১) ও বাঘইল উত্তরপাড়ার মাসুদ রানা (২৫)। বুধবার রাতভর ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
হত্যার ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিদ্দিকুর রহমান ফোনে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ওই এলাকার ছোটখাটো অপরাধে জড়িত। এ ছাড়া আরও কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। কিন্তু তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না।
সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তারের পর থানায় জিজ্ঞাসাবাদে আসামিরা সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেননি। তবে কথাবার্তার ধরন এবং তাঁদের দেওয়া তথ্যের সঙ্গে ঘটনার মিল পাওয়া গেছে।
অন্যদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, গতকাল দুপুর পর্যন্ত কয়েক দফা জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তাঁদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে।
তিন আসামিকে গতকাল বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। তবে আদালত শুনানির দিন ধার্য করেননি। মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম হোসেন এসব কথা জানিয়েছেন।
গত সোমবার পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজ-সংলগ্ন ইপিজেড সড়কের পাশে একটি খেত থেকে হাত-পা ও মুখ বাঁধা এবং ফাঁস লাগানো অবস্থায় এএসআই সুজাউল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন এবং ঠোঁটে কাটা দাগ ছিল।