এএসআই সুজাউলের হাত-পা বাঁধা ও গলায় ফাঁস ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুজাউল ইসলাম
সুজাউল ইসলাম

গতকাল রোববার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুজাউল ইসলামকে (৩২)। কিন্তু রাত পেরোতেই মিলল তাঁর লাশ। তাঁর হাত-পা দড়ি দিয়ে ও মুখ-চোখ সাদা কাপড় দিয়ে বাঁধা ছিল এবং গলায় গেঞ্জি দিয়ে ফাঁস লাগানো ছিল।

পাকশী রেলওয়ে স্টেশনের অদূরে ইপিজেড সড়কের প্রায় ১০০ গজ দূরে হলুদের একটি খেতে তাঁর মৃতদেহ পড়েছিল। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ও ঠোঁটে কাটার দাগ দেখতে পাওয়া যায়। বেলা একটার দিকে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। সন্ত্রাসীরা সুজাউলের মোটরসাইকেল ও একটি মোবাইল নিয়ে গেছে।

স্ত্রী নাছিমা আক্তার ও সাত বছরের একমাত্র ছেলে শাহরিয়ার নাছিমকে নিয়ে সুজাউল পাকশী রেলওয়ের একটি বাসায় ভাড়া থাকতেন। তাঁর বাড়ি বগুড়ার সদর থানার শেখপাড়া এলাকায়। তাঁর বাবার নাম আবুল কাশেম।

পাকশী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, সুজাউল দায়িত্ব পালনের উদ্দেশ্যে গতকাল রোববার সন্ধ্যায় তাঁর পাকশী বাসা থেকে মোটরসাইকেল নিয়ে একা ঈশ্বরদী ইপিজেড ও রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় যান। সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে সুজাউলের সঙ্গে তাঁর মোবাইলে সর্বশেষ কথা হয়। সুজাউল সে সময় তাঁকে জানান তিনি পাকশীর বিভিন্ন জায়গায় দায়িত্বপালনরত পুলিশ ঠিক আছে কি না, তা দেখতে যাচ্ছেন। রাত আনুমানিক নয়টার দিকে তাঁর  মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। রাতে বিষয়টি ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং ঈশ্বরদী থানার ওসিকে জানানো হয়। রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরা সুজাউলকে খুঁজতে বের হন। গভীর রাত পর্যন্ত চলে এ খোঁজাখুঁজি। আজ সোমবার সকাল পৌনে সাতটার দিকে পাকশী রেলস্টেশনের পাশ দিয়ে যাওয়া ইপিজেড সড়কের পাশে হলুদ একটি খেতে লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পাবনার পুলিশ সুপার ও পাবনা সিআইডির একটি দল এবং রাজশাহী থেকে সিআইডির পুলিশ সুপার ঘটনা তদন্তে আসেন।

ঘটনার পর পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল-মামুন, পাবনার পুলিশ সুপার আলমগীর কবির, রাজশাহী সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার শাহরিয়ার রহমান ও পাবনা জেলা পুলিশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনো এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, এক বছর আগে সুজাউল পাকশী পুলিশ ফাঁড়িতে বদলি হয়ে আসেন। তাঁর ধারণা সন্ত্রাসীরাই এ ঘটনা ঘটিয়েছে। কারণ পাকশীতে বেশ কিছু দিন ধরে সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। কিছু সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে সবকিছু এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। গোয়েন্দা পুলিশের পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়েদ জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পাবনা পুলিশ সুপার আলমগীর কবীর জানিয়েছেন, সন্ত্রাসী যত চতুরই হোক না কেন তাকে খুঁজে বের করতে পুলিশ মাঠে নেমেছে।


এদিকে একমাত্র সন্তানের মৃত্যুর খবর পেয়ে বগুড়া থেকে পাকশীতে ছুটে আসেন সুজাউলের বাবা আবুল কাশেম, মা ছকিনা বেগমসহ অন্য আত্মীয়রা। দুপুর সাড়ে ১২টার দিকে এসেই ছেলের লাশের কাছে ছুটে যান তাঁরা। সেখান থেকে ছেলের বাসায় ফিরে বারবারই জ্ঞান হারাচ্ছিলেন ছকিনা বেগম।
এদিকে স্ত্রী নাছিমা আক্তার স্বামী হারানোর শোকে নির্বাক নিস্তব্ধ হয়েছিলেন।

এ ঘটনাকে একটি নৃশংস হত্যা উল্লেখ করে সুজাউলের বাবা আবুল কাশেম বারবারই বলছিলেন, ‘কার কাছে বিচার চাবো? কি কারণে আমার ছেলেকে হত্যা করা হল?’