এএসআই হত্যা মামলায় আরও একজন আটক
পাবনার ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল হত্যার ঘটনায় গতকাল শুক্রবার রাতে পুলিশ আরও এক যুবককে আটক করেছে। তাঁর নাম রাজীব হাসান। তিনি পাকশী বাবুপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পুলিশের অভিযোগ, রাজীব একটি সন্ত্রাসী মামলায় জামিনে মুক্তি পেয়ে গত মাসে এএসআই সুজাউলকে দেখে নেবেন বলে হুমকি দিয়েছিলেন। সেই সূত্র ধরেই তাঁকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রাজীবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি সুজাউল হত্যাকাণ্ডে জড়িত। পাকশী এলাকা থেকে গতকাল সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। রাজীব এ সময় ঈশ্বরদী থেকে পালিয়ে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইসলাম হোসেন জানান, সুজাউল হত্যাকাণ্ডের দিন বিকেলে মুঠোফোনে রাজীবের সঙ্গে তাঁর কথা হয়েছিল। সুজাউল নিখোঁজ হওয়া ও মোবাইল বন্ধ থাকার কিছু সময় আগে মোবাইলে ওই কথা হয়। নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে এটি জানা গেছে।
মামলার বাদী পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল করিম মুঠোফোনে বলেন, রাজীব হাসানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। গত সেপ্টেম্বর মাসে তিনি পাকশীতে এক রেল কর্মচারীকে ছুরি মেরেছিলেন। সেই মামলায় আটকের পর তাঁকে জেলহাজতে পাঠানো হয়। জেল থেকে ঈদের আগে জামিনে মুক্তি পেয়ে তিনি পরিচিত একজনের কাছে এএসআই সুজাউলকে দেখে নেওয়ার হুমকি দেন।