সাংবাদিককে মারধরের ঘটনায় কুষ্টিয়ার কুমারখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদকে গত মঙ্গলবার দিবাগত রাতে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে মোটরসাইকেল তল্লাশির নামে একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দার ও মোহনা টেলিভিশনের খোকসা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলামকে বেধড়ক মারধর করে পুলিশ। খবর পেয়ে কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিকেরা রাতে কুমারখালী থানা ঘেরাও করে প্রতিবাদ করেন। এ সময় ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করা হয়।
রাত ১২টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, বিদায়ী পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ, নতুন পুলিশ সুপার প্রলয় চিসিম কুমারখালী থানায় ছুটে যান। সেখানে তাঁরা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় অখিল পোদ্দার কর্মকর্তাদের কাছে নির্যাতনের বর্ণনা দেন।
পরে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা নিন্দনীয় ও দুঃখজনক একটি ঘটনা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ বলেন, ইতিমধ্যে আবুল কালাম আজাদকে বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।
জানতে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আবুল কালাম আজাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভাই আমি পুলিশ সুপারের একটা সভায় আছি।’
এদিকে অখিল পোদ্দার ও মনিরুল ইসলামের ওপর পুলিশি হামলাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন ও জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে গতকাল দুপুরে মানববন্ধন করেছে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিক ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। কুষ্টিয়া মডেল থানার সামনে এ মানববন্ধন হয়। বেলা ১১টার দিকে থানা মোড়ে অখিল পোদ্দারের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে জেলায় কর্মরত জাতীয় ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা মানববন্ধন করেন।