এএসআইয়ের বিরুদ্ধে মামলায় ফাঁসানোর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমানের বিরুদ্ধে ঘুষ না পেয়ে খেটে খাওয়া রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এক মাস ধরে বিনা বিচারে রফিকুল কারাগারে রয়েছেন।
ভোলাহাট উপজেলার আলী শাহাসপুর গ্রামের বাসিন্দা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মো. নূর ইসলাম চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, নূর ইসলামের ভগ্নিপতি একই উপজেলার পিড়ান চক গ্রামের রফিকুল ইসলাম (৩০) গত ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহানন্দা নদীর তীরে বজরাটেক এলাকায় বসেছিলেন। এ সময় সাদাপোশাকে এএসআই হামিদুর রহমান সেখানে গিয়ে রফিকুল ইসলামকে বলেন, ‘আপনার নামে অভিযোগ আছে, থানায় চলেন।’ এরপর রফিকুলকে পুলিশের ভ্যানগাড়িতে উঠিয়ে দুই কিলোমিটার দূরে কলেজ মোড়ের কাছে নিয়ে যান। সেখান থেকে নূর ইসলামকে ফোন করে এএসআই হামিদুর রহমান বলেন, ‘আপনার ভগ্নিপতি পুলিশের ভ্যানগাড়িতে আছে। “ম্যানেজ” করে ছাড়িয়ে নিয়ে যান।’
ফোন পেয়ে নূর ইসলাম কলেজ মোড়ে গিয়ে পুলিশের ভ্যানগাড়ি দেখতে না পেয়ে এএসআই হামিদুর রহমানকে ফোন করেন। হামিদুর রহমান তাঁকে থানায় আসতে বলেন। থানায় গেলে হামিদুর রহমান বলেন, ‘আসতে দেরি করেছেন, এখন রফিকুলের নামে মামলা হবে। ২০ হাজার টাকা দিলে সাধারণ মামলা হবে, না হলে ফেনসিডিলসহ ইয়াবা বড়ির মামলা দিয়ে আদালতে চালান করব।’ পরে টাকা না দেওয়ায় রফিকুলের সঙ্গে থাকা সিগারেটের প্যাকেটের মধ্যে ইয়াবার ১০টি বড়ি পাওয়া গেছে, এগুলো বিক্রির জন্য রেখেছিলেন রফিকুল—এই মর্মে মামলা দায়ের করা হয়। এরপর এই মামলায় সাক্ষী করা হয় ভোলাহাটের মুন্সিগঞ্জ গ্রামের মনিরুল ইসলাম ও মো. আলমকে।
লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ বলেন, হামিদুর রহমানকে ভোলাহাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। অভিযোগ তদন্তের জন্য সহকারী পুলিশ সুপার শেখ শরীফ-উজ্জামানকে (গোমস্তাপুর সার্কেল) নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার সাক্ষী মনিরুল ইসলাম ও মো. আলম বলেন, এই মামলার ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। এমনকি ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না। তারপরও তাঁদের সাক্ষী করা হয়েছে।
এ ব্যাপারে এএসআই হামিদুর রহমান বলেন, ‘মামলা সত্যি না মিথ্যা, তা আদালতেই প্রমাণিত হবে। ঘটনাস্থলে ইয়াবা বড়ি জব্দ করার সময় অনেক লোক তা দেখেছে। এদের মধ্যে দুজনকে ডেকে সাক্ষী করা হয়। পরে জানতে পারি, সাক্ষী দুজন আসামির আত্মীয়। তাই এখন আত্মীয়কে বাঁচাতে তারা মিথ্যা কথা বলছে।’