এএসআইয়ের কাণ্ড!
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে এক সিএনজি অটোরিকশার চালকের বসতবাড়িতে ট্রাফিক পুলিশের এক এএসআই ও তাঁর পরিবারের লোকজন হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা অটোরিকশাচালক ও তাঁর স্ত্রীকে পিটিয়ে জখম করেছেন।
গতকাল শুক্রবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে এই ঘটনা ঘটে। থানায় অভিযোগ করতে গেলেও কর্তব্যরত কর্মকর্তা অভিযোগ নিতে অপারগতা প্রকাশ করেন।
আহত অটোরিকশাচালক বাছেদ মিয়া বলেন, তিনি পুনর্বাসনকেন্দ্রের ১ নম্বর ওয়ার্ডের মৃত তোতা মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাতে তাঁর শিশু ছেলে তানজিদের সঙ্গে একই এলাকার কবিতা বেগমের মেয়ে রোজা খেলা করছিল। একপর্যায়ে উভয় শিশুর মাঝে ঝগড়া হয়। এ নিয়ে কবিতা বেগম বাছেদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরই জের ধরে গতকাল সকালে তাঁর ভাই ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফ মিয়া, তাঁর ভাই আরিফ, ভাগিনা প্রান্ত, সীমান্তসহ ছয়-সাতজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাছেদ মিয়ার বসতবাড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর (বাছেদ) স্ত্রী ডালিয়াকে গুরুতর জখম করেন। ডালিয়াকে বাঁচাতে তিনি এগিয়ে গেলে তাঁকেও পিটিয়ে জখম করেন। একপর্যায়ে শক্ত ধাতব বস্তু দিয়ে আঘাত করে তাঁর একটি দাঁত ফেলে দেন এএসআই। এই ঘটনায় থানায় অভিযোগ করতে গেলেও কর্তব্যরত কর্মকর্তা অভিযোগ নিতে অপারগতা প্রকাশ করেন।
এ ব্যাপার এএসআই বলেন, ‘তুচ্ছ ঘটনা নিয়ে আমার বোনের সাথে ডালিয়া ও তাঁর স্বামী বাছেদ মারামারিতে জড়িয়ে পড়েন। আমি বাচাঁতে এগিয়ে গেলে আমার ওপরও হামলা চালান তাঁরা। বর্তমানে আমার বোন কবিতা ও ভাগিনা প্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা আমার আত্মীয় বলে ব্যাপারটা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছি। অন্যথায় আইনের আশ্রয় নিতাম।’
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘অভিযুক্ত যে-ই হোক না কেন, কেউ অভিযোগ করলে অভিযোগ নিতে না করার এখতিয়ার পুলিশের অন্তত নেই। আমরা অভিযোগ গ্রহণ করে তদন্তে সত্যতা পেলে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনা অনুসারে ব্যবস্থা নেব। অভিযোগকারী থানায় না এসেই হয়তো কোনো প্রতারক দালালের কথা শুনে চলে গেছে। আমার এখানে এলে অবশ্যই তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন না।’