এএসআইয়ের বিরুদ্ধে ফের টাকা লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ উঠেছে। তিনি গৌরনদী বন্দরের এক ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে হানা দিয়ে জুয়া খেলার অভিযোগ তুলে ওই প্রতিষ্ঠানটি তছনছ করে ক্যাশ থেকে ৩০ হাজার ৬২০ টাকা লুট করে নেন। এ ঘটনায় গত রোববার টাকা ফেরত চেয়ে এবং বিচার দাবি করে বরিশাল পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী মো. ছবেদ আলী।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামের কাসেম আলী সরদারের ছেলে মো. ছবেদ আলী (৫০) গৌরনদী বন্দরের লঞ্চঘাটের দক্ষিণ পাশে ব্যবসা করেন। গত ২১ মে রাত সাড়ে ৯টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁর সহব্যবসায়ী আলমগীর সরদার, ইউসুফ সরদার, মোকলেস সরদারসহ চার-পাঁচজন নিজেদের মধ্যে হিসাবনিকাশ ও ব্যবসায়িক লেনদেন করছিলেন। এ সময় গৌরনদী মডেল থানার এএসআই মো. দেলোয়ার হোসেন, কনস্টেবল মোহাম্মদ আলীসহ সাত-আটজন পুলিশ একত্রে ঘটনাস্থলে সাদাপোশাকে উপস্থিত হন। ব্যবসায়ী ছবেদ আলী অভিযোগ করে বলেন, ‘এএসআই দেলোয়ার কোনো কথাবার্তা না বলেই অতর্কিতভাবে আমার দোকানের মালামাল তছনছ শুরু করে তল্লাশির নামে তাণ্ডব চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। কিছু না পাওয়ার পরে আমার ক্যাশবাক্সে থাকা ৩০ হাজার ৬২০ টাকা ছিনিয়ে নেন এবং আমাদের সবাইকে থানায় নিয়ে চার ঘণ্টা আটকে রাখেন। চার ঘণ্টা পরে আমাদের ভয়ভীতি দেখিয়ে কাউকে কিছু না বলার শর্তে হুমকি দিয়ে সাদা কাগজে স্বাক্ষর রেখে ছেড়ে দেন।’ এ ঘটনায় ছবেদ আলী গত রোববার বরিশাল পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়ে টাকা ফেরত পাওয়াসহ ঘটনায় জড়িত এএসআই মো. দেলোয়ারসহ কনস্টেবলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এএসআই মো. দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি যুক্ত নই, অভিযোগ সত্য নয়।’

এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, ‘এ ধরনের অভিযোগ সম্পর্কে আমি অবহিত নই।’

বরিশাল পুলিশ সুপার এস এম আকতারুজ্জামান বলেন, অভিযোগ হাতে পেলে আইনি ব্যবস্থা নওয়া হবে।