এএসআইয়ের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
হামলা ও কুপিয়ে জখম করার ঘটনায় বরিশালের গৌরনদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল বুধবার ইয়াসমিন বেগম (২২) নামের এক তরুণী গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপারের (এএসপি) দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
ইয়াসমিন বেগমের বাড়ি গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পিংলাকাঠী গ্রামে। প্রতিপক্ষের হামলায় আহত হয়ে তাঁর বাবা এসকেন হাওলাদার হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি অভিযোগ করে বলেন, গভীর নলকূপ থেকে পানি নেওয়া নিয়ে বিরোধের জেরে গত রোববার এক প্রতিবেশীর হামলায় তাঁর বাবা গুরুতর আহত হন। ওই দিন গৌরনদী মডেল থানায় মামলা করতে গেলে কর্তব্যরত এএসআই মো. মিজানুর রহমান পাঁচ হাজার টাকা দাবি করেন। ২ হাজার ২০০ টাকা দিলেও তিনি মামলা রুজু করেননি। গত মঙ্গলবার মিজানুর রহমান তাঁকে মামলা না করে মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেন। অন্যথায় কারাগারে পাঠানোর হুমকি দেন।