এএসপি মিজানুর হত্যায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইওয়ে রেঞ্জের সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যায় জড়িত কাউকে গতকাল শুক্রবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাঁর খোয়া যাওয়া ওয়াকিটকি সেটও উদ্ধার করতে পারেনি।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ এএসপি মিজানুর রহমান হত্যা মামলার নথিপত্র বুঝে পেয়েছে এবং তদন্ত শুরু করেছে। সূত্রবিহীন এই হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনে কিছুটা সময় লাগবে।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার গোলাম মোস্তফা রাসেল প্রথম আলোকে বলেন, পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান ভোরবেলা বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যেতে যে গাড়িতে উঠেছিলেন, ওই গাড়িতে হয়তো যাত্রীবেশে ছিনতাইকারীরা উঠেছিল। মিজানুর রহমানের পরিচয় জানার পর তাঁকে ধরে পাশের জঙ্গলে নিয়ে গার্মেন্টসের ঝুট কাপড় পেঁচিয়ে হত্যা করে তাঁর মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। ধস্তাধস্তিতে তাঁর কাছে থাকা ওয়াকিটকি সেটটি হয়তো কোথাও পড়ে গেছে।  

ডিবির কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, হত্যার পেছনে ছিনতাই ছাড়া অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। হত্যায় জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।

মিজানুর রহমানের পরিবার মনে করছে, এই হত্যার পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। পুলিশ তদন্ত করলেই হত্যার প্রকৃত কারণ বেরিয়ে আসবে। গত বুধবার রাতে মিজানুর রহমানের (৫০) ছোট ভাই মাসুম তালুকদার রূপনগর থানায় করা মামলার এজাহারে অভিযোগ করেন, অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেছে।

বুধবার দুপুরে পুলিশ মিরপুর বেড়িবাঁধসংলগ্ন বিরুলিয়া সেতুর ৫০০-৬০০ গজ দূরে জঙ্গল থেকে গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এএসপি মিজানুর রহমানের লাশ উদ্ধার করে।