এএসপির বিরুদ্ধে কনস্টেবলকে পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে এক অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) বিরুদ্ধে কনস্টেবলকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর পুলিশ অফিসে আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত কনস্টেবলের নাম মো. রেজওয়ান (২৬)। তিনি পুলিশ অফিসের চিঠি বিতরণ শাখায় কাজ করেন। তাঁকে গুরুতর অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার জানান, রেজওয়ানের তলপেট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ অফিস ও হাসপাতাল সূত্র জানায়, গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে চিঠি বিতরণের কাজ করেন মো. রেজওয়ান। গাজীপুর পুলিশ লাইনের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান আজ বিকেলে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে যান। তিনি সহকারী পুলিশ সুপারের (হেড কোয়ার্টার) কার্যালয়ে গিয়ে বসেন। সেখানে তিনি রেজওয়ানকে ডেকে আনেন। মিজানুর রহমানের সঙ্গে রেজওয়ানের চিঠি বিলি নিয়ে কথা হয়। একপর্যায়ে মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে রেজওয়ানকে লাথি মারেন এবং মারধর করেন। লাথি তাঁর তলপেটসহ বিভিন্ন জায়গায় লাগে। রেজওয়ানের চিৎকার শুনে আশপাশে অন্য পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে জানতে মিজানুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন না ধরে সংযোগ কেটে দেন।