পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গৃহবধূকে ন্যাড়া করে দেওয়ার ঘটনায় করা মামলার আসামি সামসুল হক ডাকুয়াকে গত রোববার সন্ধ্যায় পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সকালে তাঁকে গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা বলেন, আদালতের বিচারক রাজীব কুমার রায় সামসুল হকের জামিন আবেদন নাকচ করে তাঁকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে নির্যাতনের শিকার গৃহবধূ তাঁকে নির্যাতনের ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। গত রোববার বিকেলে গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব কুমার রায় তাঁর জবানবন্দি গ্রহণ করেন।
গত শনিবার সন্ধ্যায় গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে কথিত পরকীয়ার অপরাধে সালিস বৈঠকে এক গৃহবধূ ও এক যুবককে মারধর করে তাঁদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে গত রোববার গজালিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান এম এ কুদ্দুস মিয়া ও নবনির্বাচিত চেয়ারম্যান গলাচিপা উপজেলা যুবলীগের সভাপতি মো. খালিদুল ইসলামসহ সাতজনের নাম উল্লেখ করে ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন বাহের গজালিয়া গ্রামের সামসুল হক ডাকুয়া, আশরাফুল হোসেন ও মো. নাসির এবং দক্ষিণ ইচাদি গ্রামের মো. নিজাম ও আবদুল মান্নান।
নির্যাতনের শিকার গৃহবধূর সঙ্গে তাঁর এক ভাশুরের ছেলের (পাশের বাড়ির) পরকীয়া রয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গজালিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. খালিদ হোসেনের নির্দেশে গ্রাম পুলিশ আশরাফুল হোসেন গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূ ও যুবককে ডেকে গজালিয়া ইউপি কার্যালয়ে নিয়ে যান। পরে তাঁদের ইউপি ভবনের দোতলার একটি কক্ষে আটক করে রাখা হয়। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে ইউপি ভবনের দোতলার হলরুমে খালিদুল ইসলাম ও এম এ কুদ্দুসের নেতৃত্বে সালিস বৈঠক হয়।
সালিস বৈঠক থেকে রাত আটটার দিকে ওই যুবক ও গৃহবধূকে লাঠিপেটা করা, তাঁদের মাথা ন্যাড়া করে দেওয়া ও যুবকের ৩০ হাজার টাকা আর্থিক জরিমানার রায় দেওয়া হয়।
রাত সোয়া আটটার দিকে গৃহবধূ ও ওই যুবককে ইউপি ভবনের দক্ষিণ পাশের মাঠে নামানো হয়। সেখানে খালিদুল ইসলাম তাঁদের দুজনকে লাঠিপেটা করেন। এরপর খালিদুল ইসলামের নির্দেশে গজালিয়া বাজারের এক সেলুন-কর্মী ক্ষুর দিয়ে তাঁদের মাথা ন্যাড়া করে দেন।
এ ঘটনায় গতকাল সোমবার প্রথম আলোয় ‘গৃহবধূকে ন্যাড়া করলেন চেয়ারম্যান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।