এক আসামি কারাগারে, অন্য আসামিদের অবরোধ!

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে অন্য আসামিদের নেতৃত্বে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে প্রায় দুই দিনের অবরোধে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার বেলা তিনটায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, আজ ভোর পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় ছাত্রলীগের একাংশ। এ অংশটি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। মূল ফটকে তালা দিয়ে অবরোধকারীরা গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। আনোয়ার হোসেনের মুক্তির দাবিতে স্লোগানও দেওয়া হয়। পরে সকাল আটটায় পুলিশ গেলে তাঁরা মূল ফটকের তালা খুলে দেন। অবরোধকারীরা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক বাসের চলাচলও বন্ধ করে দেন। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত ছিল।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আজ বেলা তিনটায় অবরোধ প্রত্যাহার করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি ও দিয়াজ হত্যা মামলার অন্যতম আসামি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে ও স্যারের মুক্তির দাবিতে আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত দোষী ব্যক্তিরা বের হয়ে আসবে। এ জন্য আমরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। তবে আমাদের স্বাভাবিক আন্দোলন চলবে।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ নিয়াজ মোরশেদ প্রথম আলোকে বলেন, শাটল ট্রেন ও শিক্ষক বাস চলাচল না করলেও বিশ্ববিদ্যালয়ের ভেতরের পরিস্থিতি স্বাভাবিক ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
গত বছরের ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর ২২ দিন আগে দিয়াজসহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চার নেতার বাসায় তাণ্ডব চালানো হয়। ৯৫ কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতির অনুসারীরা ওই হামলা চালান বলে অভিযোগ ওঠে। কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার আগে দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
দিয়াজের মরদেহের প্রথম ময়নাতদন্ত হয় গত বছরের ২১ নভেম্বর। ২৩ নভেম্বর পুলিশ জানায়, দিয়াজকে হত্যা করা হয়েছে-এমন আলামত ময়নাতদন্ত প্রতিবেদনে মেলেনি। ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দিয়াজের পরিবার সহ ছাত্রলীগের একটি অংশ। পরে গত বছরের ৬ ডিসেম্বর লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। ১১ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে লাশের দ্বিতীয় ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত প্রতিবেদনটি চলতি বছরের ২ আগস্ট মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির সরকারের হাতে এসে পৌঁছায়। প্রতিবেদনে বলা হয়, দিয়াজকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে।
ছেলেকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গত বছরের ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু, সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন। অন্য আসামিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু, সহসভাপতি আবদুল মালেক, মনসুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মো. আরমান, প্রচার সম্পাদক রাশেদুল আলম, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য আরিফুল হক এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জামশেদুল আলম চৌধুরী।
এক বছরেও হত্যা মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী গত মাসে অনশন শুরু করেন। আসামিদের গ্রেপ্তার করা হবে—পুলিশ কর্মকর্তাদের এমন আশ্বাসে ছয় দিন পর গত ২ ডিসেম্বর অনশন ভাঙেন তিনি। এর ঠিক ১৬ দিনের মাথায় গতকাল এই মামলায় প্রথম কোনো আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।