এক আসামি কারাগারে পিপিকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠপ্রধান যজ্ঞেশ্বর চন্দ্র রায় হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় আসামি খলিলুর রহমানকে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে ওই ঘটনায় দায়ের করা দুই মামলার সরকারি আইনজীবী ও কৌঁসুলি (পিপি) আমিনুর রহমানকে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল ডাকযোগে চিঠিটি তাঁর কাছে পৌঁছায়। চিঠির শেষে ‘জেএমবি’ লেখা রয়েছে বলে জানিয়েছেন আমিনুর রহমান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী জানান, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় রিমান্ড শেষ হওয়ার আগেই খলিলুরকে আদালতে হাজির করা হয়। আদালতের পরিদর্শক রবিউল ইসলাম খান বলেন, মামলা তদন্ত কর্মকর্তা দুই মামলায় ১৫ দিনের রিমান্ডে থাকা তিন আসামির মধ্যে একজনকে গতকাল আদালতে হাজির করেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২১ ফেব্রুয়ারি সকাল সাতটায় দেবীগঞ্জে শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে (৫০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে মঠের একজন সাধু আহত হন। হত্যার ঘটনায় যজ্ঞেশ্বরের বড় ভাই রবীন্দ্রনাথ এবং দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান অস্ত্র ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা করেন। দুটি মামলাতেই তিন মোটরসাইকেল আরোহীসহ অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ঘটনার দিন রাতেই পুলিশ দুই মামলায় খলিলুর রহমান (৫৫), বাবুল হোসেন (২৮) ও জাহাঙ্গীর হোসেনকে (৩২) গ্রেপ্তার করে। গত ২৩ ফেব্রুয়ারি পৃথক দুটি মামলায় তাঁদের ১৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর গ্রেপ্তার করা হয় হারেজ আলী, রমজান আলী, আলমগীর হোসেনকে। ১৮ দিন করে রিমান্ডে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুই মামলার সরকারি আইনজীবী ও কৌঁসুলি (পিপি) আমিনুর রহমান বলেন, ‘বেলা পৌনে দুইটায় স্থানীয় ডাকঘরের পিয়ন অফিসে এসে আমাকে হলুদ খামের একটি চিঠি দেন। খাম ও চিঠির ওপর আমার নাম ভুল করে আমিনুল ইসলাম লেখা হলেও ঠিকানা দেওয়া হয়েছে আদালতের। চিঠিতে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠির শেষে শুধু “জেএমবি” লেখা। খামে কোনো প্রেরকের ঠিকানা নেই। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’