কুষ্টিয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের র্যালি শেষে সংঘর্ষে আওয়ামী লীগের কর্মী সবুজ হোসেন নিহত হওয়ার ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার রাতে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা শহরের এন এস রোডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
এদিকে কুষ্টিয়া মডেল থানার দুই কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যকে গতকাল মঙ্গলবার দুপুরে বদলি করা হয়েছে। গত শনিবারের ওই সংঘর্ষের পরদিন কুষ্টিয়া মডেল থানার ওসি প্রত্যাহার করা হয়। এরপর একযোগে চার পুলিশকে বদলি করা হলো। পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম বদলির এ আদেশ দেন।
সবুজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম ইব্রাহিম ফয়সাল (৩৫)। তিনি ওই মামলার ১২ নম্বর আসামি। ইব্রাহিম কুষ্টিয়া শহরের থানাপাড়ার মৃত কামরুল ইসলামের ছেলে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, ইব্রাহিমকে র্যাব গ্রেপ্তার করে আজ (মঙ্গলবার) বিকেলে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হবে। এ ছাড়া ওই ঘটনায় এর আগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
জানতে চাইলে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব বলেন, ১৫ আগস্টের সংঘর্ষের ঘটনায় জড়িত অস্ত্রবাজ, খুনি ও এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে র্যাব।
গতকাল বদলি হওয়া পুলিশ সদস্যরা হলেন কুষ্টিয়া মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক শওকত হোসেন, উপসহকারী পরিদর্শক আনোয়ার হোসেন, পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন ও বকসি একরামুল হক। শওকত হোসেনকে কুষ্টিয়া আদালতে, আনোয়ার হোসেনকে মিরপুর থানার কাকিলাদহ পুলিশ ফাঁড়িতে, কনস্টেবল আনোয়ারকে দৌলতপুর থানার পিপুলবাড়িয়া ফাঁড়ি ও বকসি একরামুল হককে একই থানার তেকালা ফাঁড়িতে বদলি করা হয়েছে। এর আগে রোববার মডেল থানার ওসি আবদুল খালেককে প্রত্যাহার করে খুলনা রেঞ্জে সংযুক্ত করা হয়।
জানতে চাইলে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার তদন্ত ও থানার কাজ সুষ্ঠুভাবে করার জন্য তাঁদের বদলি করা হয়েছে।