
নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের দুই নেতা-কর্মীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামি ওমর ফারুকের বাড়িতে আগুন দিয়েছে ক্ষুব্ধ লোকজন। গতকাল বুধবার রাতে অনন্তপুর গ্রামে ফারুক ও তাঁর স্বজনদের বাড়ির তিনটি ঘরে আগুন দেওয়া হয়।
এর আগে গতকাল বিকেলে গুলিতে নিহত ছাত্রলীগ কর্মী মো. ইয়াছিনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নোয়াখালী সদরের মাইজদী বাজার এলাকার বাড়িতে আনা হয়। রাত পৌনে আটটার দিকে ক্ষুব্ধ লোকজন মাইজদী বাজারের পাশে অনন্তপুর গ্রামে আসামি ফারুকের বাড়িতে আগুন দেন। আগুনে তিনটি ঘর পুড়ে যায়।
গত সোমবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অনন্তপুরে এক পক্ষের গুলিতে ফজলে রাব্বি (২৫) নামের এক তরুণ ঘটনাস্থলে নিহত হন। গুলিবিদ্ধ হন জেলা ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম ওরফে ওয়াসিম ও ছাত্রলীগ কর্মী মো. ইয়াছিন। ওয়াসিম মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে একই হাসপাতালে মারা যান ইয়াছিন। সাইফুল ও রাব্বির বাড়িও মাইজদী বাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে ৫০-৬০ জনের একদল লোক অতর্কিতে ওমর ফারুকদের বাড়ির ফটকের তালা ও দরজা ভেঙে ভেতরে ঢুকে দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়। একই সময় দুটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, খবর পেয়ে রাত আটটার দিকে মাইজদী স্টেশনের অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলের কাছে আসার পর সড়কে অবরোধের মুখে পড়ে। ক্ষুব্ধ লোকজন আগেই সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশের সহায়তায় অবরোধ সরিয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
তিন খুনের ঘটনায় মঙ্গলবার রাতে নিহত ফজলে রাব্বির মা কামরুন্নাহার ছবি বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ছাত্রলীগ কর্মী ওমর ফারুক ওরফে সাজু, তাঁর ভাই মো. সুলতান, বাবা আওয়ামী লীগ নেতা কুদরত উল্লাহসহ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার পর সাজুদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর দুই বোন রোকসানা বেগম ওরফে মুন্নি ও ফারজানা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, গ্রেপ্তার হওয়া দুজনই এজাহারভুক্ত আসামি। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি বলেন, ইয়াছিনের লাশ এলাকায় আনার পর এলাকার লোকজন আবেগপ্রবণ ও উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তাঁরা তিন খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত সাজুদের বাড়িসহ দুটি বাড়ির তিনটি ঘরে অগ্নিসংযোগ করেন। অগ্নিসংযোগের সময় ঘরগুলোতে কোনো লোক ছিল না।