এক ইউনিয়নে ১১ অবৈধ ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে ইটভাটা। পাশেই লোকালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান। অবৈধ এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে ইটভাটা। পাশেই লোকালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান। অবৈধ এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ২৪টি ইটভাটার ১১টিই অবৈধ। আবার বৈধ ভাটাগুলো পড়েছে ঘনবসতিপূর্ণ এলাকায়। অবৈধ ভাটাগুলোতে ড্রাম চিমনি ব্যবহার করা হচ্ছে। নির্বিচারে পোড়ানো হচ্ছে কাঠ।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয় জানায়, কলসকাঠিতে ২৪টি ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে ১৩টির। বাকিগুলো অবৈধভাবে চালানো হচ্ছে। যেগুলোর ছাড়পত্র রয়েছে, সেগুলোও জনবসতিপূর্ণ এলাকায়। একসময় সব ইটভাটায় কাঠ পোড়ানো হতো। বর্তমানে ১৩টি ইটভাটা আধুনিক করা হয়েছে। বাকিগুলোর মধ্যে সাতটি ড্রাম চিমনির ও চারটি ১২০ ফুট উঁচু চিমনির ভাটা। এগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
পরিবেশ অধিদপ্তর বরিশালের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, যেগুলো আধুনিক করা হয়েছে, সেগুলোও ড্রাম চিমনির ছিল। তবে এসব ভাটার এক কিলোমিটারের মধ্যে যদি স্কুল-কলেজ থাকে, সেগুলোকে ৩০ জুনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, কলসকাঠি গ্রামের আকাশে ধোঁয়ার কুণ্ডলী। এক-দুটি বাড়ির পরই রয়েছে ভাটা। কলসকাঠির দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক গজ দূরে রয়েছে গঙ্গা ব্রিকস। সেখানে ভাটায় করাতকল স্থাপন করে চলে কাঠ চেরাই। সেই কাঠ ব্যবহার করা হয় ভাটায়। এ ছাড়া গ্রামের রাকিব ব্রিকস, ওয়ান নিপা ব্রিকস, হিরো ব্রিকস, সোনালী ব্রিকস, সুমন ব্রিকস, মুন ব্রিকস, সুপার স্টার ব্রিকস, রাজা ব্রিকস, বেঙ্গল ব্রিকস, বাবা ব্রিকস, খান ব্রিকস, রূপা ব্রিকসে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। একটি ভাটা পুরোপুরি আধুনিক না হওয়ায় সেখানে কাঠ পোড়ানো হচ্ছে।
কলসকাঠি গ্রামের ৭৫ বছর বয়সী হোসেন হাওলাদার বলেন, ইটভাটার তাপে নারকেলগাছের ফল ছোট হয়ে গেছে। গাছগুলো লাল হয়ে যাচ্ছে। কৃষক মো. রফিক বলেন, লোকালয়ের মধ্যে থাকা ভাটায় ব্যাপক ক্ষতি হচ্ছে রবিশস্যের। এখন আর এই এলাকায় তেমন রবিশস্য হয় না।
দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার বাসিন্দা বেল্লাল হোসেন হাওলাদার বলেন, স্কুলের কয়েক গজের মধ্যে ইটভাটা। শিশুরা এর মধ্যেই ক্লাস করছে। পাশাপাশি আরও চার-পাঁচটা ভাটা রয়েছে। এগুলোতে দেদার কাঠ পোড়ানো হচ্ছে।
কলসকাঠি বাজারের ব্যবসায়ী পলাশ গাজী বলেন, মাঝে মাঝে পরিবেশ অধিদপ্তরের লোকজন আসেন। কিন্তু তাঁরা চলে যাওয়ার পরপরই ভাটা আবার চালু হয়ে যায়।
গঙ্গা ব্রিকসের কর্মচারী মোস্তফা মৃধা প্রথম আলোকে বলেন, একটি ইটভাটায় দিনে ২৫০ মণ কাঠ প্রয়োজন হয়। জানতে চাইলে ভাটার মালিকদের একজন মো. কাইউম মৃধা বলেন, অর্থসংকটের কারণে ড্রাম চিমনির ব্যবহার ও কাঠ পোড়ানো হচ্ছে। আর আধুনিক ভাটা না হওয়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র চাওয়া হয়নি।
সুকুমার বিশ্বাস বলেন, কলসকাঠিতে বেশ কিছু ইটভাটা লোকালয়ে অবৈধভাবে স্থাপন করা হয়েছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েকটি ভাটা ভেঙে দেওয়া হয়েছে। লাখ লাখ টাকা জরিমানা করা হচ্ছে। তারপরও অসাধু ভাটার মালিকদের ঠেকানো যাচ্ছে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এগুলো বন্ধের চেষ্টা চলছে।