এক ইলিশের জন্য জরিমানা পাঁচ হাজার টাকা
একটি ইলিশ মাছ রাখার দায়ে চট্টগ্রামের ফিসারিঘাটের এক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই অর্থদণ্ড দেন। ওই দোকানির নাম মো. আলী।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ফোরহান এলাহী অনুপম। এ সময় জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফোরহান এলাহী অনুপম বলেন, ‘ফিসারিঘাটের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছি। একটি দোকানে সামান্য পরিমাণ ইলিশ পাওয়া গেছে। তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।’
অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. আলীর দোকানে একটি ইলিশ মাছ পাওয়া যায়। এ সময় মো. আলী আদালতকে বোঝানোর চেষ্টা করেন, তাঁর কর্মচারী ভুলবশত একটি মাছ বাসায় না নিয়ে দোকানে রেখে দিয়েছিলেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ রাখার কারণে তাঁকে জরিমানা করা হয়।
১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিপণন এবং মজুতকরণের ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ২২ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।