আসামিকে বাসায় ডেকে নিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে টঙ্গী মডেল থানার এসআই শাজেদা লতাকে প্রত্যাহার ও মালেকা বানুকে গাজীপুর কোর্টে বদলি করা হয়েছে। গতকাল রোববার তাঁদের এই আদেশ দেন গাজীপুর পুলিশ সুপার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ আবদুল করিম বাদী হয়ে তাঁর ছোট ভাই এনামুল হক ও তাঁর স্ত্রী সাফিয়া বেগমকে প্রতারণার অভিযোগে আসামি করে টঙ্গী থানায় মামলা করেন। গত ৪ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাজেদা লতা মোবাইল ফোনে আসামি সাফিয়া বেগমকে তাঁর বাসায় ডেকে নিয়ে গ্রেপ্তারের হুমকি দিয়ে বলেন ‘পাঁচ লাখ টাকা দিলে তোর মামলা শেষ করে দেব; না দিলে এখনই তোরে জেলে দেব। আপতত ২০ হাজার টাকা দে।’ এই বলে শাজেদা লতা অপর এসআই মালেকা বানুকে ডেকে এনে আরও হুমকি প্রদর্শন করেন।
এ ঘটনায় সাফিয়া বেগমের স্বামী এনামুল হক ওই দিনই গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন-অর-রশিদের বরাবর এসআই শাজেদা লতা ও মালেকা বানুর বিরুদ্ধে ঘুষ দাবি ও মিথ্যা মামলার হয়রানি থেকে রক্ষা পেতে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শাজেদা লতা ঘুষ চাওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘এখন ব্যস্ত আছি, পরে কথা বলব।’