রাজশাহী সিটি করপোরেশনে এক কর্মকর্তার বিরুদ্ধে অপর এক কর্মকর্তার কার্যালয় দখল নিয়ে গতকাল তোলপাড় সৃষ্টি হয়েছে। আত্মগোপনে থাকা মেয়রের ক্ষমতা ব্যবহার করে করপোরেশনের কর্মকর্তাদের জিম্মি করার অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।
ওই কর্মকর্তার হস্তক্ষেপের কারণে করপোরেশনের অনেক দপ্তর তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছে না। এই কর্মকর্তার নাম খন্দকার মাহাবুবুর রহমান। তিনি রাজশাহী সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা।
সিটি করপোরেশন সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার মাহাবুবুর রহমান তাঁর কার্যালয় থেকে তাঁর নামফলক খুলে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের দেয়ালে লাগান। প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পদটি বেশ কিছুদিন ধরে খালি রয়েছে। তবে তাঁর দপ্তরে গুরুত্বপূর্ণ ফাইলপত্র রয়েছে। নামবিহীন একটি ফলকও সেখানে আছে।
গতকাল স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের ফাইলপত্রগুলো বের করে প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং রাজস্ব কর্মকর্তার কার্যালয়ের ফাইলপত্র স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। এ বিষয়টি জানতে পাওয়ার পর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সূত্রমতে, সিটি করপোরেশনের কোনো কার্যালয় পরিবর্তন করতে হলে তা নিয়ে রীতিমতো ফাইল চালাচালি হয়। এই কার্যালয় পরিবর্তনের ক্ষেত্রে সে রকম কিছুই হয়নি। খন্দকার মাহাবুবুর রহমানের ইচ্ছেমতো সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাইলে স্বাক্ষর করছেন। এ ক্ষেত্রেও প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী কার্যালয় পরিবর্তনের অনুমতি দেন।
দুপুরের পর সিটি করপোরেশনের অফিসার সমিতির সভাপতি ও প্রধান প্রকৌশলী আশরাফুল হক এ ঘটনা নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বসে এই সিদ্ধান্ত বাতিল করান। তার পরে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর থেকে মাহাবুবুর রহমানের নামফলক প্রত্যাহার করা হয় এবং ফাইলপত্রও সরিয়ে নেওয়া হয়।
গতকাল বিকেলে সিটি করপোরেশনে গিয়ে দেখা যায়, প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে রাজস্ব কর্মকর্তা মাহাবুবুর রহমানের নামফলক সরিয়ে নেওয়া হয়েছে। তবে রাজস্ব কর্মকর্তার কার্যালয় থেকে ওঠানো নামফলক তখনো ফের বসানো হয়নি।
করপোরেশনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সিটি করপোরেশনের মেয়রের জার্মানিতে একটি উন্নয়নমূলক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ এসেছিল। কিন্তু আত্মগোপনে থাকার কারণে মেয়র সেখানে যেতে পারছেন না। তিনি অর্থ কমিটির চেয়ারম্যান ও ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাক হোসেনকে পাঠানোর সিদ্ধান্ত দেন।
মুস্তাক হোসেন জানান, তাঁর নাম মন্ত্রণালয়ে প্রস্তাব করা হয়। তাঁর জার্মানিতে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করা হয়। এ বিষয়টি তিনি অন্তত ৫০০ মানুষের কাছে গল্প করেছেন। পরে দেখছেন, তাঁর পরিবর্তে প্রধান রাজস্ব কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান জার্মানিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, যেখানে জনপ্রতিনিধির যাওয়ার কথা, সেখানে কোনো কর্মকর্তা যেতে পারেন না। এত অপমান নিয়ে এই সিটি করপোরেশনে আর থাকা যায় না। বাজেট অধিবেশনের পর তিনি পদত্যাগ করবেন।
এ ছাড়া মাহাবুবুর রহমান শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, হিমালয় ক্লোথ স্টোরের স্বত্বাধিকারী মাসুদ রানার নামে চিড়িয়াখানার ভেতরে আইসক্রিম বিক্রি করার জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। মেয়র এটা অনুমোদনও করেছেন। কিন্তু মাহাবুবুর রহমানের আপত্তির কারণে ঠিকাদার আর টাকা জমা দিতে পারছেন না।
জানতে চাইলে মাসুদ রানা বলেন, তাঁদের আইসক্রিম বিক্রির কার্যাদেশ দেওয়া হয়েছে কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবের (খন্দকার মাহাবুবুর রহমান একই সঙ্গে ম্যাজিস্ট্রেটও) আপত্তির কারণে একটু দেরি হচ্ছে।
দপ্তর পরিবর্তনের ব্যাপারে জানতে চাইলে অফিসার সমিতির সভাপতি ও প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, বিষয়টি অবগত হওয়ার পর কার্যালয় পরিবর্তন স্থগিত করার জন্য তিনি প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেন। তিনি মেয়রের সঙ্গে কথা বলে স্থগিত করেন।
এসব বিষয়ে জানতে চাইলে খন্দকার মাহাবুবুর রহমান প্রথমেই বলেন, কে এই তথ্য দিয়েছেন আগে তাঁকে বলতে হবে। এ তথ্য তিনি জানতে চাইতে পারেন না বলে জানালে তিনি বলেন, সিটি করপোরেশনে কোনো কর্মকর্তার কার্যালয় ‘ফিক্সড’ নয়। তিনি বলেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলে সিটি করপোরেশনে কেউ নেই। একপর্যায়ে তিনি বলেন, গতকালের কার্যালয় স্থানান্তরের ব্যাপারে তিনি কিছুই জানেন না। শেষে বলেন, তিনি শুধু এইটুকু শুনেছিলেন, প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যালয়ে ব্যক্তিগত সহকারীর বসার জায়গা নেই। এ জন্য মেয়র পরিবর্তন করতে বলেছিলেন।
বিদেশে যাওয়ার ব্যাপারে মাহাবুবুর রহমান বলেন, মেয়রের পরিবর্তে একজন কর্মকর্তাকে চাওয়া হয়েছিল। তাই তিনি যাচ্ছেন।
পার্কের ঠিকাদারের টাকা জমা দিতে আপত্তি জানানোর ব্যাপারেও প্রথমে মাহাবুবুর রহমান কিছুই জানে না বলে দাবি করেন। পরে তিনি বলেন, তিনি চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। চিড়িয়াখানার ভেতরের পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্ব তাঁর। এ জন্য তিনি ভেতরে বেচাকেনার দায়িত্ব শুধু একজনকে দিতে বলেছেন।
এ ব্যাপারে কথা বলার চেষ্টা করলেও প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী ফোন ধরেননি।
গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মেয়র মোসাদ্দেক হোসেনের মুঠোফোনটি বন্ধ রয়েছে। গতকালও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।