এক কিশোরের ওপর এত আক্রোশ!
মাটিতে পড়ে আছে এক কিশোর। দুই হাত ও পা একত্র করে বাঁধা গাছের সঙ্গে। চারপাশে কৌতূহলী মানুষের জটলা। একজন বাঁশের কঞ্চি দিয়ে ছেলেটিকে পেটাচ্ছেন। যন্ত্রণায় চিৎকার করছে ছেলেটি। পিটুনির পর কান ধরে ওঠবস করিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এরপর তার বিরুদ্ধে করা হয় মাদকের মামলা।
এই নির্মমতার ভিডিও চিত্রও ধারণ করা হয়েছে। চুরির অভিযোগে কিশোরটির ওপর এমন আক্রোশের ঘটনা ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মানাউরা পূর্বপাড়া গ্রামে। ভয়ংকর নিষ্ঠুরতার এই ঘটনা ঘটেছে গত ২৯ অক্টোবর। নির্যাতনের শিকার এই কিশোর একজন নির্মাণশ্রমিক।
এই অত্যাচারের কোনো প্রতিকার না পেয়ে গত শনিবার ছেলেটির বড় ভাইসহ পরিবারের সদস্যরা প্রথম আলোর সিলেট কার্যালয়ে এসে ঘটনার বর্ণনা দেন। তাঁরা এলাকায় ছড়িয়ে পড়া নির্যাতনের তিনটি ভিডিও চিত্র এ প্রতিবেদককে দেন। প্রতিটি ভিডিও চিত্র ১ মিনিট ৫৭ সেকেন্ডের। এর দুটোতে আছে কঞ্চিপেটার দৃশ্য। অপরটি কান ধরে ওঠবস করানোর।
একটি ভিডিও চিত্রে দেখা গেছে, একটি গাছের নিচে জনা বিশেক লোকের ভিড়ে মাটিতে পড়ে আছে হাত-পা মোড়ানো অবস্থায় বাঁধা ছেলেটি। তাকে পেটানো হচ্ছে কঞ্চি দিয়ে। একটি কঞ্চি ভেঙে যাওয়ার পর আরেকটি দিয়ে পেটানো হয়। পেটাতে থাকা লোকটি বলছেন, ‘... ক কার কার চুরি করছস, ক পয়সা কিতা করছস!’ ছেলেটি ‘ও মাই গো...’ বলে চিৎকার করছিল। এ সময় ভিডিওতে নির্যাতনকারীদের অট্টহাসিও শোনা গেছে। যিনি এভাবে পেটাচ্ছিলেন, তিনি ওই গ্রামের বাসিন্দা ইসবর আলী (৬৫) বলে এলাকার কয়েকজন নিশ্চিত করেছেন।
এর আগে ২০১৫ সালের ৮ জুলাই সিলেটে চুরির অভিযোগে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। ২০১৫ সালের ৩ আগস্ট খুলনায় হত্যা করা হয় রাকিব (১২) নামের শিশুকে। চলতি বছরের সেপ্টেম্বরে পানির পাম্প চুরির অভিযোগে ময়মনসিংহে সাগর (১৬) নামের এক কিশোরকে হত্যা করা হয়। সম্প্রতি লক্ষ্মীপুরের রায়পুরে ল্যাপটপে গেম মুছে ফেলার অভিযোগে চার বছরের এক শিশু ও নোয়াখালীর বেগমগঞ্জে মোবাইল চুরির অভিযোগে এক কিশোর নির্যাতনের শিকার হয়।
ছেলেটির পরিবারের অভিযোগ, ভিডিও হওয়ায় নির্যাতনের ঘটনা ঢাকতে মাদক মামলা দেওয়া হয়েছে। এজাহারে ছেলেটির বয়স বাড়িয়ে ১৮ বছর লেখা হয়েছে।
নির্যাতনের শিকার এই কিশোরের বাবা কৃষক ছিলেন, মারা গেছেন ২০০৯ সালে। মা আছেন। ছয় ভাই ও এক বোনের পরিবারে সে তৃতীয়। বড় ভাই নগরের টিলাগড়ে রাজমিস্ত্রির কাজ করেন। মা বলেন, তাঁর ছেলে চোর নয়। ঘটনার দিন সকালে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পেটানো হয়। নির্যাতনকারীরা তার গ্রামেরই লোক। গত বছরের ১১ মে গ্রামে গরু চুরির ঘটনায় এক পক্ষের বিরুদ্ধে থানায় তিনি (মা) লিখিত অভিযোগ করেছিলেন। ওই অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ নিয়ে তাঁর ছেলেকে নির্যাতন করা হয়েছে।
সালুটিকর পুলিশ তদন্ত ফাঁড়ি সূত্র বলেছে, ছেলেটির বিরুদ্ধে মাদক আইনে করা মামলার বাদী এই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা উপপরিদর্শক সুশংকর পাল। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার উপপরিদর্শক পীযূষ কান্তি দাস। এজাহারঅনুযায়ী, ওই দিন (২৯ অক্টোবর) একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ‘ইয়াবা বড়ি’ বিক্রির সময় তাকে পুলিশ ১২টি ইয়াবা বড়িসহ আটক করে। এ সময় গ্রামের আজিজুর রহমান ও মোহাম্মদ আবদুল্লাহসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ছেলেটির মা বলেন, গরু চুরির অভিযোগে তিনি আবদুল্লাহর বিরুদ্ধে গত বছরের ১১ মে গোয়াইনঘাট থানায় অভিযোগ করেছিলেন। আবদুল্লাহর চাচাতো ভাই হচ্ছেন আজিজুর। মায়ের ধারণা, ছেলেকে চুরির অভিযোগে নির্যাতন ঢাকতেই মাদক আইনে মামলা সাজিয়েছেন ওই দুজন।
ছেলেটিকে৩০ অক্টোবর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তার বড় ভাই বলেন, গত বৃহস্পতিবার তিনি কারাগারে গিয়ে তাকে দেখে এসেছেন। তার দুই পা ও হাত ফোলা দেখা গেছে।
গতকাল রোববার এই প্রতিবেদক সালুটিকর এলাকায় যান। এলাকার বেশ কয়েকজন বলেন, তাঁরা মুঠোফোনে ভিডিওটি দেখেছেন। ছেলেটির বিরুদ্ধে মাদক আইনে মামলা হওয়ায় তাঁরা বিস্মিত। সালুটিকর বাজারেই পাওয়া গেল তিন প্রত্যক্ষদর্শীকে। তাঁদের ভাষ্য, চোর হিসেবে তাকে বেঁধে রাখার প্রমাণ রাখতেই ভিডিওটি নির্যাতনকারীরা ধারণ করেন। পরে তাঁরাই গ্রামে ছড়িয়ে দেন। ঘটনাটি আজিজুরের বাড়ির সামনে ঘটেছে। আবদুল্লাহ ও আজিজুর গ্রামের মুরব্বি হিসেবে ইসবর আলীর হাতে কঞ্চি তুলে দিয়ে ‘বিচার’ করার কথা বলেন। সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা তাকে বেঁধে রাখা হয়েছিল। কঞ্চি দিয়ে পেটানো হয় ১০-১৫ মিনিট।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘ই-খানও আমি আছলাম না, কোনতা জানিও না।’ প্রায় দেড় বছর আগে ছেলেটির মায়ের গরু চুরির অভিযোগের বিষয়টিও তিনি ‘জানি না’ বলে এড়িয়ে যান।
আজিজুরের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। ইসবর আলীর সঙ্গে প্রতিবেশী একজনের মুঠোফোনের মাধ্যমে কথা হয়। ইসবর দাবি করেন, ছেলেটিকে তিনি শুধু কঞ্চি দিয়ে ভয় দেখিয়েছেন, পেটাননি।
মামলার বাদী ও সালুটিকর পুলিশ তদন্ত ফাঁড়ির ইনচার্জ সুশংকর পাল বলেন, ওই দিন স্থানীয় কয়েকজন লোক ইয়াবাসহ তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। এলাকাবাসী সাক্ষী হওয়ায় মাদক আইনে মামলা করা হয়েছে। এর আগে নির্যাতন ও ভিডিও ধারণের বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন।
এজাহারে ওই কিশোরের বয়স বেশি উল্লেখ করা প্রসঙ্গে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা পীযূষ কান্তি দাস বলেন, ‘এটা আসলে তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর দেওয়া বর্ণনা থেকে হয়ে গেছে। তা ছাড়া দেখতে ছেলেটিকে ১৮ বছরের বেশি মনে হয়েছে। পরে জন্মসনদ দেখে বয়স কম হওয়ার বিষয়ে অবহিত হয়েছি।’ এখন কী হবে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা কোনো সমস্যা নয়, পরে ঠিক করা যাবে।’
সালুটিকর পুলিশ তদন্ত ফাঁড়ি গোয়াইনঘাট থানার অধীন। যোগাযোগ করলে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় বলেন, এ ঘটনার আগে ও পরে এত কিছু হয়েছে, এ বিষয়ে আসলে থানা যথাযথভাবে অবহিত নয়। তিনি ছেলেটিকে নির্যাতনের ভিডিও দেখে এবং ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।