এক কেজি কোকেনসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলের মির্জাপুর থানা-পুলিশ এক কেজি কোকেনসহ স্বপন মৃধা (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন টাঙ্গাইলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. সাহাদত হোসেন।
উদ্ধার করা ওই কোকেনের মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। স্বপন মৃধার বাড়ি মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. সাহাদত হোসেন জানান, স্বপন মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি ইয়াবাসহ অন্য মাদকের ব্যবসা করলেও একপর্যায়ে কোকেন ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি (সাহাদত হোসেন) ক্রেতা সেজে মঙ্গলবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া খেয়াঘাট এলাকায় গিয়ে স্বপনকে এক কেজি কোকেনসহ গ্রেপ্তার করেন। ওই কোকেন আফগানিস্তানে তৈরি। এর মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, পরিদর্শক (তদন্ত) এস এম তুহিন আলী, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম এরশাদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।