এক কেজি সোনাসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার দুপুরে প্রায় এক কেজি ওজনের আটটি সোনার বারসহ ওমর ফারুক নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
শুল্ক কর্তৃপক্ষ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে চড়ে ওই যাত্রী শাহজালাল বিমানবন্দরে নামেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর সঙ্গে থাকা লাগেজে তল্লাশি চালানো হয়। লাগেজের ভেতর থেকে দুটি কৌটার ভেতরে পাওয়া যায় আটটি সোনার বার। এগুলোর মোট ওজন ৯৩২ গ্রাম।
ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামাল প্রথম আলোকে বলেন, আটক ফারুকের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে। সৌদি আরবে তাঁর বড় ভাইও থাকেন। ফারুক জানিয়েছেন, ওই বারগুলো তাঁর ভাই তাঁকে দিয়েছেন।