এক কেজি সোনাসহ সিভিল অ্যাভিয়েশনের কর্মচারীকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় কোটি টাকা মূল্যের সোনার বার পাচারকালে সিভিল অ্যাভিয়েশনের এক কর্মচারীকে আটক করেছে কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। আজ মঙ্গলবার এক সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানবন্দরের আগমনী হলের আট নম্বর বেল্টের কাছ থেকে তাঁকে আটক করা হয়।

আটক ওই কর্মচারীর নাম মো. ইলিয়াস উদ্দিন। তাঁর কাছ থেকে এক কেজি ওজনের কয়েকটি সোনার বার জব্দ করা হয়েছে। তিনি সিভিল অ্যাভিয়েশন ই/এম ডিভিশনের হেল্পার পদে কর্মরত। তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার অথেলো চৌধুরী বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে ইলিয়াস উদ্দিন তাঁর কাছে সোনার বার থাকার বিষয়টি প্রথমে অস্বীকার করেন। পরে কাস্টমস লাউঞ্জে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাঁর শরীরের বিভিন্ন স্থান থেকে সোনার ১০টি বার উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচটি বারের মোট ওজন সোয়া এক কেজি (প্রতিটি ২৫০ গ্রাম করে), বাকি পাঁচটির ওজন ০.৫৮ কেজি (প্রতিটি ১০ তোলা)। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১ কেজি ৮৩০ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯২ লাখ টাকা।