এক কেন্দ্রে আগের রাতেই ব্যালটে সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া, বাক্স ছিনতাই, বিক্ষিপ্ত বোমাবাজি, গুলি ও কেন্দ্র দখলের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের আগের রাতেই একটি কেন্দ্রে ঢুকে ৭০০ ব্যালট পেপারে সিল মেরে যায় দুর্বৃত্তরা। নানা অনিয়মের কারণে উপজেলার ৮৩টি কেন্দ্রের মধ্যে ২৬টির ভোট গ্রহণ স্থগিত করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশের ছয় সদস্য গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কালারাইতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছাড়া বাকি ৮২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রেই বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ করা যায়। এর মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কালারাইতা কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিম্মি করে ৭০০ ব্যালট পেপারে সিল মেরে রেখে যায়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সকালে ভোট গ্রহণ শুরু না করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে সকাল সাড়ে আটটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে আটটিতেই ছিলেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী। ফলে সকাল থেকেই আওয়ামী লীগের দলীয় ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলে। পাশাপাশি বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরাও কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালান। এতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংঘাত বাড়তে থাকে।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে একদল দুর্বৃত্ত মোহাম্মদপুর ইউনিয়নের শেরেবাংলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারতে শুরু করে। এ সময় বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হলে কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা।
দুপুর ১২টার দিকে কাবিলপুর ইউনিয়নের পূর্ব ইয়ারপুর উচ্চবিদ্যালয় ও পূর্ব ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভাঙচুর ও কয়েক শ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি গুলি ছোড়ে। এ ঘটনার পর কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
এ ছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে একই ইউনিয়নের শায়েস্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল দুর্বৃত্ত সশস্ত্র হামলা চালিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। এ সময় কেন্দ্রের পুলিশ পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় এসআই বেলায়েত হোসেনসহ পুলিশের ছয়জন সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, জোরপূর্বক সিল মারাসহ নানা অনিয়মের ঘটনায় নয়টি ইউনিয়নের ২৬টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এর মধ্যে ছাতারপাইয়া, অর্জুনতলা, নবীপুর ও ডমুরুয়া ইউনিয়নে একটি করে, কেশারপাড়ে চারটি, কাদরায় তিনটি, কাবিলপুরে ছয়টি, মোহাম্মদপুরে দুটি, বীজবাগে ছয়টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান ছিদ্দিক প্রথম আলোকে বলেন, বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসব ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা ও একজন প্রিসাইডিং কর্মকর্তাও আহত হয়েছেন।