এক কোটি টাকাসহ জামায়াতের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার
রামপুরার বনশ্রীর একটি বাসা থেকে গতকাল ১ কোটি ৪৭ হাজার টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন গিয়াসউদ্দীন, আমিনুর রহমান, আবুল হাসেম, ওসমান গনি ও শাহাদাতুর রহমান।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নাশকতার সরঞ্জামসহ ১ কোটি ৪৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে গিয়াসউদ্দীন জামায়াতের রোকন। অন্যরা সবাই জামায়াতের সঙ্গে জড়িত। ৫ জানুয়ারি নাশকতার পরিকল্পনা করেছিলেন তাঁরা। এ ছাড়া চলতি সপ্তাহে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের এক শীর্ষ নেতার রায় ঘোষণার দিন রয়েছে। এই দিনকে কেন্দ্র করেও নাশকতা চালানোর লক্ষ্য ছিল তাঁদের। গোপন সূত্রে এমন তথ্য পেয়ে বনশ্রীর বি ব্লকের ৬ নম্বর সড়কের পাঁচতলা একটি বাড়ির দোতলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।