এক কোটি ৩৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার এক কোটি ৩৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে আটক করেছে র‌্যাব। গত শনিবার রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: আনোয়ার ওরফে বড় আনোয়ার, হানিফ, বেঞ্জামিন, বাবু এবং শুক্কুর আলী। তাঁদের মধ্যে হানিফ ছিনতাইকারী দলটির নেতা বলে জানিয়েছে র‌্যাব। তাঁদের কাছ থেকে দুই লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
৭ সেপ্টেম্বর দুপুরে নিট ফ্যাশন লিমিটেড নামে ওই কারখানার ট্রাংকভর্তি টাকা ছিনতাই হয়। একই মালিকের আশুলিয়ার আরেকটি কারখানার মাইক্রোবাসে ট্রাংকভর্তি টাকা গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত নিট ফ্যাশনে নেওয়া হচ্ছিল। এই টাকা দিয়ে কারখানার কর্মীদের বেতন দেওয়ার কথা ছিল। দুপুর দেড়টার দিকে পূর্ব চন্দ্রা এলাকায় চারটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস নিয়ে রাস্তা আটকে গুলি করে ট্রাংকভর্তি টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার পর দিনই কালিয়াকৈর থানার পুলিশ সাড়ে আট লাখ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গতকাল প্রথম আলোকে বলেন, ওই তিনজনের দুজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া পাঁচজনসহ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম বলেছেন। গ্রেপ্তার পাঁচজনকে সন্ধ্যায় কালিয়াকৈর থানায় হস্তান্তর করে র‌্যাব।