এক কোটি জাল রুপিসহ আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক কোটি জাল ভারতীয় রুপিসহ আন্তর্জাতিক মুদ্রা ও মানবপাচারকারী চক্রের ছয়জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। এঁদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক।
বাংলাদেশি বংশোদ্ভূত ওই পাকিস্তানি নাগরিকের নাম আবদুল্লাহ ওরফে সেলিম (৪২)। অপর পাঁচজন হলেন মো. জাহাঙ্গীর (৪৫), আবদুল খালেক (৫৫), মো. কামরুল ইসলাম (২৮), আবু সুফিয়ান (৪৮) ও মামুনুর রশীদ (৪৫)। তাঁদের কাছ থেকে জাল ডলার, টাকা এবং পাকিস্তানি পাসপোর্ট ও সিল আটক করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরায় র‍্যাবের সদর দপ্তরে এক প্রেস বিফ্রিংয়ে গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ সব তথ্য জানান।
মুফতি মাহমুদ খান বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিমানবন্দর পদচারী সেতু এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ সেলিম, মো. জাহাঙ্গীর, আবদুল খালেককে আটক করে র‍্যাব-১ এর একটি দল। সে সময় এদের কাছ থেকে ৭০ লাখ ভারতীয় জাল রুপি, ৯ হাজার ১২৫ ডলার, ২১টি পাকিস্তানি জাল পাসপোর্ট, আটটি বাংলাদেশি পাসপোর্ট, ১১০ সৌদি রিয়াল, মানবপাচারে ব্যবহৃত বিভিন্ন দূতাবাসের জাল সিল তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এদের জিজ্ঞাসাবাদের পর বিমানবন্দরের চত্বরে বাবুস সালাম মসজিদের পাশে আল আমিন রেস্তোরাঁর সামনে থেকে কামরুল ইসলাম সুফিয়ান ও মামুনুর রশীদকে রাতে আটক করা হয়। এদের কাছ থেকে ৩০ লাখ জাল ভারতীয় রুপি, ৬ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, ৪৩ হাজার ১৯০ পাকিস্তানি রুপি, ১৩ হাজার ৬২৭ দিরহাম,৭টি এয়ার পোর্ট ভিজিটর্স পাস,৫টি মোবাইল,৪টি বিদেশি সিম কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স ট্রাভেল পারমিট ফরম আটক করা হয়।
মুফতি মাহমুদ খান জানান, এই পাচারকারী চক্রের মূল হোতা আবদুল্লাহ সেলিম। তিনি ১৯৭৯ সালে পাকিস্তানে চলে যান। তারপরে মানবপাচার ও জাল মুদ্রা-পাচারকাজে জড়িয়ে পড়েন। তিনি বাংলাদেশে যাতায়াত করতেন। এই চক্রের আন্তর্জাতিক মাফিয়া দাউদ ইব্রাহিমের সহযোগীর সঙ্গে এ চক্রের যোগাযোগ ছিল। এরা হলেন আসলাম সুরিয়া, আরিফ, জাভেদ ও হানিফ। পাকিস্তানে যারা পাসপোর্টবিহীন বাংলাদেশি নাগরিক আছেন, তাদের বাংলাদেশে আসা-যাওয়ায় এই চক্রটি সহযোগিতা করত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতীয় যেসব জাল মুদ্রা উদ্ধার করা হয় সেগুলো পাকিস্তানে ছাপানো হয়। এগুলো নিখুঁতভাবে ছাপা হয়। এ চক্রের কামরুল ইসলাম জাল মুদ্রা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ভারতের মালদহের রাজন কর্মকার নামের একজনের কাছে পাঠাত। রাজন ভারতে তার সহযোগীর কাছে এক লাখ জাল রুপি ৪০ থেকে ৪৫ হাজার ভারতীয় মুদ্রায় বিক্রি করত। ভারতের যেসব পণ্য বাংলাদেশে আসত সেসব পণ্যের মূল্যে এই জাল টাকায় পরিশোধ করা হতো।